মুখ্যমন্ত্রী বিজয়ের শপথ অনুষ্ঠানে হাজির তৃষা, প্রেমের গুঞ্জন বাড়লো
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফের আলোচনায় এলেন জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। রবিবার (১০ মে) সকালে চেন্নাইয়ের জহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত জমকালো অনুষ্ঠানে দেখা যায় এই অভিনেত্রীকে।
অনুষ্ঠানে তৃষাকে হালকা সবুজ রঙের শাড়ি ও সোনালি নকশার ব্লাউজে দেখা যায়। স্বাভাবিক ও মার্জিত উপস্থিতিতে তিনি সবার নজর কাড়েন। অনুষ্ঠানস্থলে প্রবেশের আগে সাংবাদিকদের সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তৃষা বলেন, ‘ধন্যবাদ, এই মুহূর্তটির জন্য অপেক্ষায় ছিলাম।’
দীর্ঘদিন ধরেই বিজয় ও তৃষাকে ঘিরে নানা গুঞ্জন চলছে সামাজিক মাধ্যমে। তামিল সিনেমার জনপ্রিয় এই জুটিকে একাধিক অনুষ্ঠান ও ব্যক্তিগত মুহূর্তে একসঙ্গে দেখা যাওয়ায় সম্পর্কের আলোচনা আরও জোরালো হয়। বিশেষ করে বিজয়ের ব্যক্তিগত জীবন ও বিবাহবিচ্ছেদ নিয়ে গুঞ্জনের পর বিষয়টি নিয়ে ভক্তদের আগ্রহ বেড়েছে কয়েকগুণ।
তাই তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ এই দিনে তৃষার উপস্থিতি নতুন করে কৌতূহল তৈরি করেছে ভক্তদের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতোমধ্যেই তাদের নিয়ে আলোচনা শুরু হয়েছে।
একসময় শুধুই পর্দার জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত হলেও এখন বিজয় ও তৃষার সম্পর্ক নিয়ে বাস্তব জীবনেও চলছে নানা জল্পনা। যদিও এ বিষয়ে এখনো প্রকাশ্যে কিছু বলেননি দুজনের কেউই।
এলআইএ