এবার টালিগঞ্জে অদিতি


প্রকাশিত: ০৭:৫৮ এএম, ২১ জুন ২০১৫

বলিউডে ‘দিল্লি সিক্স’, ‘রকস্টার’, ‘লন্ডন, প্যারিস, নিউইয়র্ক’, ‘মার্ডার থ্রি’, ‘বস’ ছবিগুলো দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন হালের প্রতিশ্রুতিশীল অভিনেত্রী অদিতি রাও হায়দারি।

এবার এই সুনয়না আসছেন টালিগঞ্জের বাংলা ছবির ফ্রেমে। জানা গেছে, অরিন্দম শীলের পরিচালনায় ‘হর হর বোমকেশ’-এ দেখা যাবে এ অভিনেত্রীকে। এর গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘বাহানি পতঙ্গ’ গল্প অবলম্বনে।

১৯৪৬ সালের প্রেক্ষাপটে বোমকেশ, অজিত ও সত্যবতীর বেনারসে রোমাঞ্চকর অভিযানকে কেন্দ্র করে এগিয়েছে ছবির কাহিনী। তারা সেখানে থাকাকালে জমিদার দীপনারায়ণ সিং খুন হন। দীপনারায়ণ ও তার স্ত্রী শকুন্তলা গল্পের অন্যতম অংশ। ৩৬ বছর বয়সী অদিতি অভিনয় করবেন শকুন্তলার ভূমিকায়।

অদিতিকে নেওয়া প্রসঙ্গে অরিন্দম বললেন, ‘শকুন্তলা বুদ্ধিমতী ও সুন্দরী। তিনি মেধাবী চিত্রশিল্পীও বটে। যিনি ঘোড়দৌড় জানেন। এ চরিত্রের জন্য একজন অবাঙালি অভিনেত্রী চেয়েছি। গত মাসে কান উৎসবে যাওয়ার সময় সুজিত সরকারের সঙ্গে বিমানবন্দরে দেখা। আড্ডায় তাকে গল্পটা বলি। তিনি অদিতিকে নেওয়ার পরামর্শ দেন। আমাকে তার নাম্বারও দেন। অদিতির গল্পটা ভালো লেগেছে।’

বলিউডে অদিতির হাতে এখন ‘অউর দেবদাস’, ‘ওয়াজির’, ‘গুড্ডু রঙ্গিলা’, ‘দ্য লিজেন্ড অব মাইকেল মিশ্র’ ছবিগুলো রয়েছে। এসব ছবির শুটিংয়ের ফাঁকেই তিনি কাজ করবেন টালিগঞ্জের বাংলা ছবিতে।


এলএ/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।