এফডিসিতে কোরবানি নিয়ে যা বললেন পরীমনি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩১ পিএম, ১৯ মে ২০২৬
এফডিসিতে কোরবানি নিয়ে যা বললেন পরীমনি

দীর্ঘদিন ধরেই এফডিসির অসচ্ছল সহশিল্পীদের মুখে হাসি ফোটাতে কোরবানির আয়োজন করতেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। তবে গত কয়েক বছর ধরে সেই চিত্র আর দেখা যাচ্ছে না। এবারও এফডিসিতে কোরবানি দিচ্ছেন না এই অভিনেত্রী।

তবুও তিনি চান, তার অনুপস্থিতিতেও এফডিসির সহশিল্পীদের ঈদ আনন্দমুখর হয়ে উঠুক।

পরীমনি বলেন, ‘আমি চাই এফডিসিতেও কোরবানিটা হোক। ২০১৬ সাল থেকে সবসময় কোরবানিটা এফডিসির সঙ্গে করেছি। এবার নিয়ে হয়তো চার বছর হয়ে গেল আমি এফডিসিতে কোরবানি দিচ্ছি না। এর নানা কারণ আছে, সেগুলো এখন পরিষ্কার। তবে আমি চাই আমার সহশিল্পীরা, যাদের অনেকেই দরিদ্র হিসেবে পরিচিত, তারাও যেন উৎসবমুখরভাবে ঈদ উদযাপন করতে পারেন। আমি থাকি আর না থাকি, তাদের আনন্দটা যেন থাকে।’


প্রয়াত নানার সঙ্গে পরীমনি

দীর্ঘদিন পর নিজ গ্রামে গিয়ে কোরবানি দেবেন তিনি। এ সিদ্ধান্তের পেছনে প্রয়াত নানার ইচ্ছার কথাও জানান এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার নানু ভাই সবসময় চাইতেন আমি বাড়ি গিয়ে পরিবারের সবার সঙ্গে ঈদ করি। নিজের হাতে কোরবানির মাংস সবাইকে বিলিয়ে দিই। প্রায় আট-নয় বছর শুধু এফডিসির জন্য বাড়িতে যাওয়া হয়নি।

পরে মনে হয়েছে, এফডিসির দায়িত্বটা অন্য কেউ সামলাচ্ছে বলেই আমি দায়িত্বটা হ্যান্ডওভার করতে পেরেছি। এরপর থেকেই আবার গ্রামের বাড়িতে যাওয়া শুরু করি।’

সবশেষে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার ইচ্ছার কথা জানিয়ে পরীমনি বলেন, ‘আমি জানি না কতটুকু কীভাবে করতে পারছি, তবে চেষ্টা করছি ঈদটাকে উৎসবমুখর করতে। ঈদ আনন্দ আর খুশির বার্তা নিয়ে আসে। আমি চাই সবার মুখে হাসি থাকুক, সবার অন্তরে আনন্দ থাকুক। আর কিছু চাওয়া নেই।’

 

এমআই/এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।