পানিবন্দী বলিউড তারকাদের জলবিলাস!


প্রকাশিত: ০৮:৪৮ এএম, ২১ জুন ২০১৫

মুম্বাই ভাসছে থৈ থে জলে। হঠাৎ ভারী বর্ষণে জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। ঘরবন্দী মানুষ। শহরটির বিভিন্ন প্রান্তে বলিউডের অনেক তারকার ঘরবাড়ি। সবকিছু পানিতে তলিয়ে যাওয়ায় আটকা পড়েছেন তারাও। কাজের ব্যস্ততা থাকা সত্ত্বেও এই জল ভেঙে কর্মস্থলে পৌঁছাতে পারেননি অনেক তারকাই। তারা ঘরে বসে বসে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে বিরক্তি প্রকাশ করেছেন। কেউবা ভিডিও আপলোড করেছেন।

জলাবদ্ধতার কারণে বচ্চন পরিবার এখন বানভাসি! তাদের বাড়ি প্রতীক্ষার সামনে এখন হাঁটু পানি। গত ১৮ জুন সকালে মহারাষ্ট্রে মুষলধারে বৃষ্টি হওয়ার পর থেকে অমিতাভ বচ্চনের বাড়িটির সামনে পানি জমে রয়েছে। এ ছাড়া জুহুতে অবস্থিত তার আরেক বাংলো জলসায়ও পানি জমে আছে।

এদিকে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ১৯ জুন বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর জুটির ‘এবিসিডি টু’ ছবির বিশেষ প্রদর্শনী বাতিল করতে হয়েছে।


জুহি চাওলা
আমি বৃষ্টি ভালোবাসি, কিন্তু বৃষ্টিতে ট্রাফিকের হাল খুব নাজুক।

বিপাশা বসু
আমার শহরটা যেন ভেনিস হয়ে গেছে!  

ফারহান আখতার
আমার মনে হয় মুম্বাইয়ের মানুষ যে কর দেন, তা শহরের নিকাষী ব্যবস্থা বন্ধ করার কাজেই ব্যবহার হয়। সেই একই চেনা ছবি প্রতি বছর।

সোনাক্ষী সিনহা
ভোর ৫টা ৪৫ মিনিটে ঘুম থেকে ওঠার অভ্যাস আমার একেবারেই নেই। আর জলভাসি মুম্বাইয়ে আমি গাড়ি ঠেলে শুটিংয়ে যাব! কখনওই নয়।

কুনাল খেমু
জলমগ্ন মুম্বাইয়ের রাস্তায় নেমে শুটিংয়ে যাচ্ছি গাড়ি চালিয়ে। আশা করি ফেরার সময় মোটরবোটের দরকার হবে না।

অদিতি রাও হায়দারি
আমাদের সবার একটা করে নৌকো দরকার। পরিকাঠামো ভেঙে পড়েছে। মুম্বাইয়ে বৃষ্টি।

রণবীর শোরে
প্রতি বছর সেই একই ভাবনা। বর্ষায় একটা শহরে এমন ঝেঁপে বৃষ্টি হয়, অথচ গরমে জলাভাব। পরিস্থিতির মোকাবিলা করা হয় খুব বাজেভাবে।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।