যুবরাজের প্রেমে হ্যাজেল কিচ


প্রকাশিত: ১০:০১ এএম, ২১ জুন ২০১৫

ভারতীয় ক্রিকেট তারকাদের মনের শান্তির জন্য বলিউডে হানা দেয়া নতুন কিছু নয়। হরহামেশাই প্রেমে পড়ছেন তারা, রোমান্স করছেন আবার বিচ্ছেদের ঘোষণাও দিচ্ছেন।

হরভজন, রায়না, কোহলির পথ ধরে এবার যুবরাজ সিংও বলিউড সুন্দরীর মাঝে মন হারালেন। অবশ্য যুবরাজ একাজে বেশ অভিজ্ঞ। বলিউড তারকা কিম শর্মার সাথে তার মাখামাখির খবর কম ছড়ায়নি বি-টাউনে। তবে সেসব অতীত।

নতুন খবর হলো এই ক্রিকেট তারকার প্রেমে পড়েছেন ব্রিটিশ মডেল ও অভিনেত্রী হিসেবে খ্যাতি পাওয়া হ্যাজেল কিচ। শোনা যাচ্ছে বলিউডে নিজের ক্যারিয়ার গড়ায় প্রত্যয়ী এই অভিনেত্রীই এখন যুবির নতুন বান্ধবী। গেল এক মাসে তাদের সম্পর্কের গতিবিধি অন্তত সেরকমই ইঙ্গিত জোরাল করছে।

ফর্ম খারাপ হোক বা ভালো, যুবরাজ সিং মানেই পাপারাজ্জিদের ভিড়। এহেন যুবরাজকে বেশ কয়েক দিন ধরেই দেখা যাচ্ছে হ্যাজেল কিচের সঙ্গে ডেটিং-য়ে ব্যস্ত। রেস্তোরাঁ, বার, পার্টি- সব জায়গাতেই যুবি-হ্যাজেল একসঙ্গে।

যদিও যুবির বক্তব্য, তারা নিছকই বন্ধু। কিন্তু তাদের মাখো মাখো সম্পর্কে সেই দাবি একেবারেই ধোপে টিকছে না। বলি-দুনিয়ায় জোর গুঞ্জন, হ্যাজেলেই মজেছেন যুবরাজ সিং।

ব্রিটিশ মডেল ও অভিনেত্রী হিসেবে খ্যাতি পাওয়া হ্যাজেল কিচ বর্তমানে বলিউডে কেরিয়ার গড়ার চেষ্টা করছেন। বলিউডে প্রথম বড় ব্রেক ২০১১-এ সালমান খান অভিনীত ছবি `বডিগার্ড`-এ কারিনা কাপুরের বান্ধবীর রোলে। তারপর ২০১২-এ `ম্যাক্সিমাম` ছবিতে একটি আইটেম গানে দেখা যায় হ্যাজেল কিচকে। ২০১৩-এ বিগ বস ৭-এও অন্যতম প্রতিযোগী ছিলেন তিনি। আপাতত হ্যাজেল যুবরাজ সিংয়ের বান্ধবী।


এলএ/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।