অপি করিমের অতিথি সমরেশ মজুমদার
জনপ্রিয় অভিনেত্রী অপি করিমের উপস্থাপনায় জমে উঠেছে জিটিভির সেলিব্রেটি টকশো ‘এসকিউ লাইটস অপিস গ্লোয়িং চেয়ার’। গেল ১২ জুন থেকে প্রতি শুক্রবার রাত ৯টা ১০ মিনিটে প্রচারিত হচ্ছে প্রভাবশালী ব্যক্তিত্বদের সাক্ষাৎকারভিত্তিক এই অনুষ্ঠানটি।
এর বিভিন্ন পর্বে অতিথি হিসেবে দেখা যাবে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত লেখক, সাংসদ, অভিনয়শিল্পী এবং সংগীতশিল্পীদের।
সেই ধারাবাহিকতায় আসছে শুক্রবারের পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় কথাসাহিত্যিক সমরেশ মজুমদার। তিনি জীবনের নানা দিক নিয়ে কথা বলবেন এখানে। বলবেন ব্যক্তি সমরেশ মজুমদার থেকে তারকা সমরেশ মজুমদার হয়ে ওঠার গল্প।
অনুষ্ঠান প্রসঙ্গে অপি বলেন, ‘অনেকদিন পর আবারও কোনো অনুষ্ঠান উপস্থাপনা করলাম। মূলত অনুষ্ঠানের বিষয়বস্তুই এই কাজটি করতে আমাকে আগ্রহী করেছে। আশা করি প্রিয় তারকাদের নিয়ে নির্মিত এই আয়োজনটি সব শ্রেণির দর্শকদের ভালো লাগবে।’
অনুষ্ঠানটি জিটিভির জন্য নির্মাণ করেছেন শাহরিয়ার শাকিল।
এলএ/এসআরজে