নায়িকার জন্মদিনের উপহার
ঢাকাই ছবিতে বর্তমানে আর যাই হোক নায়িকার অভাব নেই। নতুন নতুন মুখগুলো আশার সঞ্চার করে চলেছে শিল্পী সঙ্কটে ধুঁকতে থাকা চলচ্চিত্র শিল্পকে। নির্মাতারাও ভরসা রাখতে শুরু করেছেন তরুণ আর মেধাবী সব নায়িকাদের উপর।
তাদের মধ্যে অন্যতম একজন শিরিন শিলা। গেল বছর ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘হিটম্যান’ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে ঢালিউডে পা রাখেন শিরিন শিলা। একই বছর ‘ক্ষণিকের ভালোবাসা’ ছবির মধ্য দিয়ে মূল নায়িকা হিসেবেও আত্মপ্রকাশ ঘটে এই আলোচিত নায়িকার।
তারপর থেকেই প্রস্তাব পাচ্ছেন অসংখ্য চলচ্চিত্রের। তবে গল্প আর নিজের চরিত্রের প্রতি যত্নশীল শিলা কাজ করতে চান একটু দেখেশুনেই।
২৫ জুন শিরিন শিলার জন্মদিন। নিজের বিশেষ এই দিনের বিশেষ উপহার হিসেবে তিনি পেলেন বিরতি শেষে আবারো শুটিংয়ে ফেরার ডাক। শিলা জানালেন, শুক্রবার থেকে রাজু চৌধুরী পরিচালিত ‘এক মিনিট’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেবেন তিনি। ছবিটিতে তার বিপরীতে রয়েছেন নবাগত নায়ক তানভীর তনু।
এর আগে চলতি বছরের ২০ এপ্রিল সাভারের একটি শুটিং হাউজে ছবিটির চিত্রায়ন শুরু হয়েছিলো। এবার নতুন লটের কাজ শুরু হচ্ছে। ছবিটি এ বছরই প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানালেন নায়িকা।
এছাড়াও এ মুহূর্তে শিরিন শিলার হাতে রয়েছে ‘রাত বারোটার পরে’ সহ আরও বেশ কিছু ছবির কাজ।
ঢাকাই ছবির সম্ভাবনাময়ী এই চিত্রনায়িকার জন্মদিনে জাগো নিউজের পক্ষ থেকে শুভকামনা।
এলএ/এসআরজে