দহন সিনেমায় নতুন পরিচয়ে বুশরা
শিল্পী হিসেবে চলচ্চিত্রে আগেই কণ্ঠ দিয়েছিলেন। এবার গীতিকার ও সুরকার হিসেবেও অভিষিক্ত হতে চলেছেন কণ্ঠশিল্পী বুশরা শাহরিয়ার। ৩০ নভেম্বর মুক্তি পেতে যাওয়া ছবি ‘দহন’-এ শোনা যাবে তার সুর করা গান। এমনটাই জানালেন শিল্পী।
এর আগে মুক্তিযুদ্ধ ও সরকারী অনুদানের ‘ভুবন মাঝি’ ছবিতে প্রথমবারের মতো কণ্ঠ দিয়েছিলেন বুশরা। সেখানে প্রয়াত কালিকা প্রসাদের সুর-সংগীতে তিনি গেয়েছিলেন ‘আমি বোতলে পুরেছি কান্না’ শিরোনামের গানটি।
এবার জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘দহন’ ছবির মাধ্যমে চলচ্চিত্রের গানে গীতিকার, সুরকার হিসেবে অভিষেক হচ্ছে বুশরর। কন্ঠশিল্পী ইমরানের সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেনও তিনি। ‘চিলেকোঠা’ শিরোনামের এ গানের সংগীতায়োজন করেছেন ইমন সাহা।
আগামীকাল (২৬ নভেম্বর) ‘চিলেকোঠা’ শিরোনামের গানটি ইউটিউবে প্রকাশ হবে।
বুশরা বলেন, ‘আলোচিত চলচ্চিত্র ‘দহন’র গান দিয়ে নতুন একটা পরিচয় যুক্ত হতে যাচ্ছে আমার ক্যারিয়ারে। জানিনা গানটি কীভাবে গ্রহণ করবেন দর্শক-শ্রোতা। তবে আমার প্রত্যাশা গানটি উপভোগ করবেনব সবাই।’
তিনি আরও বলেন, ‘ইমরান সময়ের আলোচিত একজন গায়ক। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দেয়াটাও আনন্দের। আর দেশের অন্যতম সংগীত পরিচালক ইমন সাহা দাদার সঙ্গে এই গানটির স্মৃতি আমার কাছে চিরদিন মধুর হয়ে থাকবে। আমার বিশ্বাস, ‘দহন’ ছবিটি দর্শক মাতাবে। আর রোমান্টিক কথা ও আমেজের ‘চিলেকোঠা’ গানটিও জনপ্রিয়তা পাবে।’
তিনি ‘দহন’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াকে কৃতজ্ঞতাও জানান।
প্রসঙ্গত, রায়হান রাফী পরিচালিত দ্বিতীয় ছবি ‘দহন’। রাজনৈতিক থ্রিলার গল্পের এই ছবিতে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরী। আরও আছেন এখানে জাকিয়া বারী মম, রাজ রিপা, শিমুল খান, হারুন রশিদ, তারিক আনাম, ফজলুর রহমান বাবু প্রমুখ।
এলএ/আরআইপি