গন্ডি সিনেমার প্রথম গানে দেখা দিলেন সুবর্ণা-সব্যসাচী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:২০ পিএম, ৩০ নভেম্বর ২০১৯

দুই বাংলার নন্দিত দুই তারকা সুবর্ণা মুস্তাফা ও ফেলুদা খ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। প্রথমবারের মতো তারা জুটি হয়েছেন চলচ্চিত্রে। বাংলাদেশের সিনেমা ‘গন্ডি’-তে একসঙ্গে দেখা যাবে তাদের। ছবিটির শুটিং শেষ হয়েছে। চলছে মুক্তির প্রস্তুতি।

এরইমধ্যে ছবির পরিচালক ফাখরুল আরেফীন খান ‘গন্ডি’র প্রচারণা শুরু করেছেন। যার প্রথম হাতিয়ার হিসেবে প্রকাশ হলো ছবির প্রথম গান। ‘গন্ডি ছাড়িয়ে বন্ধু দুজন’ শিরোনামের এই গানটি গড়াই ফিল্মসের ইউটিউব চ্যানেলে ও গন্ডি ছবির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে গতকাল ২৯ নভেম্বর।

গানটির কথা লিখেছেন পশ্চিমবঙ্গের গীতিকার বিশ্বরাজ ভট্টাচার্য। এর সুর-সঙ্গীত করেছেন লয় এবং দীপ। গানটি গেয়েছেন পশ্চিমবঙ্গের তরুণ কণ্ঠশিল্পী দীপ।

গায়ক পরিচালকের বরাতে এই গান সম্পর্কে নিজের ভাবনার কথা বলতে গিয়ে জানান, ‘স্বার্থহীন বন্ধুত্ব সবার জীবনে সীমাহীন আনন্দ নিয়ে আসে। সেই বন্ধুত্বের দারুণ সমীকরণ নিয়ে লেখা এ গান। আমি আনন্দিত গানটিতে কণ্ঠ দিতে পেরে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’

ছবির প্রথম গান প্রকাশ প্রসঙ্গে পরিচালক ফাখরুল আরেফিন খান বলেন, ‘গন্ডি ছাড়িয়ে বন্ধু দুজন’ গানটির কথার মধ্যে সরলতা রয়েছে। যা আমার এই ছবির গল্পেও রয়েছে। এই সরলতা আমাদের সবার জীবনে বন্ধুত্বের কথা স্মরণ করিয়ে দেবে।’

রোমান্টিক কমেডি ঘরানার গন্ডি ছবির কাহিনী ৫৫ ও ৬৫ বছর বয়সী দুজন নারী-পুরুষের বন্ধুত্ব নিয়ে। অবসরে থাকা এই দুজন মানুষের বন্ধুত্ব কেমন হয়। পরিবার ও আশপাশের মানুষ বিষয়টি কিভাবে নেন এটাই উঠে এসেছে এই চলচ্চিত্রে। ছবিতে এই দুটি প্রধান চরিত্রেই অভিনয় করেছেন সুবর্ণা-সব্যসাচী।

এখানে আরও অভিনয় করেছেন শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা প্রমুখ।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।