‘আকাশ কাঁদছে, আমি কাঁদছি তার চেয়েও বেশি’, আলোচনায় রাহুলের পুরনো পোস্ট
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্ট করেছিলেন টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি ইউরোপ সফরের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে জানান, সুইজারল্যান্ডের ভেভে শহর তার কাছে শুধু একটি গন্তব্য নয়। বরং এটি তার কাছে তীর্থস্থান।
রাহুল লেখেন, ইউরোপ যাওয়ার পরিকল্পনার শুরুতেই তিনি সুইজারল্যান্ডে যেতে চেয়েছিলেন। কারণ তার গুরুদেব হিসেবে তিনি মানতেন কিংবদন্তি চলচ্চিত্র ব্যক্তিত্ব চার্লি চ্যাপলিনকে। আমেরিকা থেকে বিতাড়িত হওয়ার পর চ্যাপলিনের শেষ জীবন এই দেশেই কাটে। সেজন্যই ওই দেশে সফর করেছিলেন তিনি। স্পর্শ করেছিলেন চ্যাপলিনের স্মৃতিমাখা আসবাবে। এই ভ্রমণটি রাহুলকে বিশেষভাবে তৃপ্ত করেছিল।
ভেভেতে পৌঁছে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন। তার ভাষায়, ‘আকাশ কাঁদছে, আমি কাঁদছি তার চেয়েও বেশি।’ তিনি সেই মুহূর্তকে নিজের জীবনের এক তীর্থযাত্রা হিসেবে উল্লেখ করেন এবং ভেভেকে ভ্যাটিকান, মক্কা ও বারাণসীর সমান মর্যাদা দেন।
পোস্টে রাহুল আরও লেখেন, যারা জীবনে একবারও ক্যামেরার সামনে দাঁড়িয়ে শট দিয়েছেন, তারা প্রত্যেকেই চার্লি চ্যাপলিনের কাছে ঋণী। সেই অর্থে নিজেকে এবং অন্যান্য শিল্পীদের তিনি চ্যাপলিনের সন্তান বলেও উল্লেখ করেন।
তার এই বক্তব্য ও অনুভূতি স্পষ্ট করে দেয় যে, অভিনয়জীবনে তিনি কতটা গভীরভাবে চলচ্চিত্র ইতিহাস ও তার প্রেরণাদাতাদের সঙ্গে যুক্ত অনুভব করতেন। চার্লি চ্যাপলিনকে ঘিরে তার এই শ্রদ্ধা ও আবেগ আজও ভক্তদের কাছে তাকে আরও বেশি বিশেষ করে তোলে।
এলআইএ