ঈদের সাতদিনই দেখা দেবেন শহিদুল্লাহ সবুজ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৫ পিএম, ১৯ মে ২০২০

মঞ্চ টিভি অভিনেতা শহিদুল্লাহ সবুজ। টিভি নাটকেও বেশ জনপ্রিয় মুখ তিনি। ঘুমবাবু, দানব, চাটামঘর, ফুল এইচ ডি এবং সেই রকম চা খোর, ঝালখোর সিরিজে তিনি অভিনয়ের কেরামতি দেখিয়ে আলোচনায় আসেন।

দীর্ঘ বারো বছরের ক্যারিয়ারে প্রায় সাড়ে তিন শতাধিক নাটক-টেলিফিল্মে অভিনয় করেছেন। পর্দার পাশাপাশি তিনি মঞ্চ নাটকে কাজ করেন 'নাট্যকেন্দ্র'র সঙ্গে।

চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙেছেন বারবার বহুমাত্রিক বৈচিত্রতায়। কখনো টিচার, কখনো মাঝি বা এলাকার দাপুটে ভাই, হুজুর, কর্পোরেট অফিসার, ভিখারি, খুনি কিংবা স্টাইলিশ আল্ট্রা মডার্ন যুবকের চরিত্রে দর্শকের মন ভরিয়েছেন।

এবারের ঈদেও আসছে তার অভিনীত মোট আটটি নাটক। এরমধ্যে একক নাটক ও সিরিজ নাটক রয়েছে। ঈদের সাত দিনব্যাপী আয়োজনেই অভিনয় নিয়ে হাজির হবেন তিনি।

সবুজ জানান, বাংলা ভিশনে প্রচারিত হবে ৭ পর্বের 'সদা সত্য বলিব' শিরোনামের একটি নাটক। যেটি পরিচালনা করেছেন মুরসালীন শুভ। প্রতিদিন সন্ধ্যা ৭ টায় দেখা যাবে এটি।

মাইদুল রাকিবের পরিচালনায় একই চ্যানেলে দুই পর্বের নাটক 'রাজনীতি চ্যাপ্টার এক'। এটি প্রচার হবে ঈদের ৩য় ও ৪র্থ দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

সবুজ অভিনীত একক নাটক 'এ ডে উইথ আউট ফোন' পরিচালনা করেছেন মুরসালীন শুভ। দেখাবে কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে।

আরটিভিতে আসছে ঈদের দিন রাত ১০টায় 'ঈদ মোবারক'। এটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।একই চ্যানেলে ঈদের পঞ্চম দিন রাত ৯টায় 'নবাব ইজ ব্যাক' প্রচার হবে। পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।

সবুজ অভিনীত 'উচ্চতর ভালবাসা' নাটকটি সাজিন আহমেদ বাবু পরিচালনা করেছেন। এটি ঈদের ৬ষ্ঠ দিন, রাত ১০টায় প্রচার হবে।এছাড়াও 'যে শহরে টাকা উড়ে' সঞ্জয় সমাদ্দার পরিচালিত এবং 'বোধ' রাফাত মজুমদার রিংকু পরিচালিত নাটকটিও এবারের ঈদে আসবে।

এই প্রসঙ্গে তিনি জাগো নিউজকে বলেন, 'চরিত্রের বৈচিত্রতা উপভোগ করি বলেই ভিন্ন ভিন্ন চরিত্রের চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। এবার ঈদেও তার অন্যথা হবে না ইনশাআল্লাহ। আমি চেষ্টা করি একটু আলাদা আমেজের কাজ করার। এই কারণেই হয়তো মানুষের ভালোবাসা পেয়েছি।'

অভিনয়ের আঙিনায় নিজেকে একজন শিক্ষার্থী দাবি করে তিনি বলেন, 'আমি অভিনয় উপভোগ করি বলেই অভিনেতা হিসেবে কাজ করি। জানিনা দর্শকদের মনে নিজেকে কতটুকু ধারণ করতে পেরেছি। অভিনয় শিল্পী একটি দীর্ঘ সাধনার ব্যাপার, যেখানে আমি নিতান্তই শিশু। এখনো শিখছি, শিখে যেতে চাই সবসময়।'

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।