নারীর ক্যারিয়ার বনাম পারিবারিক প্রত্যাশা

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ১০:৫৪ এএম, ০৮ মার্চ ২০২৬
পড়াশোনা শেষ হলেই যেন শুরু হয় বিয়ের প্রস্তুতি

ক্যাম্পাসের দিনগুলো ফুরিয়ে আসার সঙ্গে সঙ্গে সবার মনেই ভবিষ্যৎ নিয়ে নানা ভাবনা উঁকি দেয়। ছেলেদের ক্ষেত্রে পড়াশোনা শেষের মূল লক্ষ্য যেখানে ক্যারিয়ার গড়া, নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে সেখানে যোগ হয় বাড়তি একটি চিন্তা। স্নাতক শেষ হতে না হতেই তাদের সামনে ক্যারিয়ারের চেয়ে বিয়ের আলাপ অনেক সময় বেশি গুরুত্ব পায়। পড়াশোনা শেষে নিজের পায়ে দাঁড়ানো নাকি দ্রুত সংসার শুরু করা, পরিবার থেকে আসলে কোন চাপটি বেশি আসে?

আজকের নারী শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন এবং তাদের সহপাঠী বন্ধুরাই বা বিষয়টিকে কীভাবে দেখছেন? এবারের আন্তর্জাতিক নারী দিবসে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের এমন সব বাস্তব ভাবনা ও অভিজ্ঞতার কথা জানাচ্ছেন তানজিদ শুভ্র-

বিয়ে ও ক্যারিয়ারের মাঝে চাই সঠিক সমন্বয়
মাহজাবীন তাসনীম রুহী
শিক্ষার্থী, এম.সি. কলেজ, সিলেট
আমাদের সমাজে একজন নারী শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হলেই প্রায় অদৃশ্য এক সময়সীমা সামনে চলে আসে, পড়াশোনা শেষ হলেই যেন শুরু হয় বিয়ের প্রস্তুতি। অনেক পরিবার এখনো মনে করে, মেয়েদের জীবনের নিরাপত্তা ও স্থিরতা সংসারেই নিহিত। কিন্তু সময় বদলেছে, আর সেই পরিবর্তনের সবচেয়ে স্পষ্ট প্রতিফলন দেখা যায় আজকের নারী শিক্ষার্থীদের ভাবনায়। তাদের কাছে শিক্ষা কেবল একটি সনদ নয়; এটি নিজের সক্ষমতা, স্বপ্ন এবং পরিচয় গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ যাত্রা।

তাই অনেকেই চান পড়াশোনা শেষ করে নিজের দক্ষতা দিয়ে একটি সম্মানজনক ক্যারিয়ার গড়ে তুলতে। কারণ একজন আত্মনির্ভরশীল নারী শুধু নিজের জীবনকেই শক্ত করেন না, বরং পরিবার ও সমাজের অগ্রগতিতেও বড় ভূমিকা রাখেন। তবু বাস্তবতায় অনেক মেয়েকেই ব্যক্তিগত স্বপ্ন ও পারিবারিক প্রত্যাশার মাঝখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হয়। তবে অনেক ক্ষেত্রে, নতুন প্রজন্মের অনেক ছেলেও এখন বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন। তাদের বিশ্বাস, সমতা মানে শুধু সুযোগ দেওয়া নয়, বরং একজন নারীর স্বপ্ন ও সম্ভাবনাকে সম্মান করা। তাই বিয়ে ও ক্যারিয়ারকে দ্বন্দ্ব নয়, বরং বোঝাপড়া ও সঠিক সময়ের সমন্বয়ে দেখার মানসিকতাই একটি সুস্থ ও প্রগতিশীল সমাজ গঠনের ভিত্তি।

পরিবারই হোক ক্যারিয়ার গঠনের মূল চাবিকাঠি
উম্মে সালমা
শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ
পরিবার হলো ক্যারিয়ার গঠনের প্রাথমিক ভিত্তি এবং আত্মবিশ্বাস জোগানোর মূল মাধ্যম। পরিবারই পারে মানসিকভাবে সমর্থন দিয়ে একজন নারীকে সফল হতে সাহায্য করতে। নারীর সমঅধিকার নিশ্চিত করে তাদের সুপ্ত প্রতিভার বিকাশে সহায়তা করা পরিবারের দায়িত্ব। কঠিন সময়ে সঠিক দিকনির্দেশনা দিয়ে এবং আর্থিক ও মানসিকভাবে পাশে থেকে পেশা নির্বাচনে পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুন্দর ও সুশৃঙ্খল পারিবারিক পরিবেশ থেকে শেখা দক্ষতা ক্যারিয়ার গঠনে অনেক বেশি সহায়তা করে।

বর্তমানে নারীদের ক্যারিয়ার গঠনের ভাবনাকে আগের চেয়ে অনেক বেশি পরিবার সমর্থন করছে। পরিবারগুলো এখন নারীদের উচ্চশিক্ষিত, আর্থিকভাবে স্বাবলম্বী এবং কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসী হিসেবে দেখতে চায়। তবে বিয়ের চাপ পরিবারের দিক থেকে এখনো কমবেশি রয়েই গেছে। যদিও অনেক পরিবার বিয়ের পরও কাজ করার প্রতিশ্রুতি দেয়, তবে এ ক্ষেত্রে জীবনসঙ্গীর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়াটা বেশি জরুরি। তখন একজন পুরুষের উচিত তার জীবনসঙ্গিনীর সিদ্ধান্তকে সম্মান জানিয়ে পাশে দাঁড়ানো। সর্বোপরি, নারীরাও পরিবারের আয়ে অবদান রাখুক, নিজের পায়ে দাঁড়াক এবং পরিবারের ঢাল হয়ে থাকুক, এটিই বর্তমান সময়ের সবচেয়ে বড় প্রত্যাশা।

সব চাপ পাশে রেখে স্বপ্ন পূরণের সংকল্প
হুমাইরা খানম জেরীন
শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ
নারীর শিক্ষা মানে কেবল পারিবারিক গণ্ডিতে আটকে থাকা নয়, বরং সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে যোগ্য অংশীদার হওয়া। বর্তমান প্রেক্ষাপটে নারীর ক্যারিয়ার এবং সংসার, দুটি দিকই সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে নারী শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি দ্রুত বিয়ের প্রসঙ্গটি এখনো সমাজে প্রবল। পড়াশোনা চলাকালীন পরিবার থেকে বিয়ের চাপ আসে। সেই সঙ্গে যুক্ত হয় আশপাশের মানুষের নানা নেতিবাচক মন্তব্য, যা অনেক সময় একজন মেয়েকে তার জীবনের লক্ষ্য পূরণের পথ থেকে মানসিকভাবে সরিয়ে দেয়।

অথচ বর্তমান যুগে একটি সংসার সুন্দরভাবে পরিচালনা করতে এবং বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতেও নারীর শিক্ষা অত্যাবশ্যক। নির্দিষ্ট বয়সের আগে বা তাড়াহুড়ো করে বিয়ে দেওয়াটা কোনো সমাধান নয়। একজন নারী বিয়ের পর শুধু গৃহস্থালির কাজেই আবদ্ধ থাকেন না; পরিবারের বাইরের নানা বিষয়েও তাকে বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হয়। আর আত্মনির্ভরশীল হওয়ার জন্যই নারীর শিক্ষা ও ক্যারিয়ার অত্যন্ত প্রয়োজন। তাই সব ধরনের প্রতিবন্ধকতা ও চাপ এড়িয়ে প্রত্যেক নারীর উচিত নিজের স্বপ্নকে গুরুত্ব দিয়ে একটি সম্মানজনক ক্যারিয়ার গড়ে তোলা। সব বাধা পেরিয়ে আমাদের মনে রাখতে হবে, ‘আমি নারী, আমি পারি।’

বিয়ে অথবা ক্যারিয়ার: একটি সাহসী সিদ্ধান্ত
নাইমা খাতুন
শিক্ষার্থী, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ
শিল্প-সাহিত্য, বিজ্ঞান ও আর্থসামাজিক উন্নয়নসহ সমাজের প্রতিটি ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীরাও সমানতালে এগিয়ে যাচ্ছেন। ক্যারিয়ার গঠনের বিষয়ে নারীরা এখন অনেক বেশি সচেতন। উচ্চশিক্ষিত নারীর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি পড়াশোনা শেষে ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও তাদের ভাবতে হচ্ছে। বিয়ে নাকি ক্যারিয়ার, কোনটিকে বেশি প্রাধান্য দেওয়া উচিত, তা নিয়ে প্রায়ই এক ধরনের মানসিক দ্বন্দ্বের সৃষ্টি হয়।

এক্ষেত্রে পরিবার ও তরুণ সমাজে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের মতামতই দেখা যায়। উচ্চশিক্ষা সম্পন্ন করার পর একজন নারীকে তার সামাজিক মর্যাদা ও ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে ভাবতে হয়। আমাদের সমাজে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনেকেই পড়াশোনা শেষে দ্রুত বিয়ে করাকে গুরুত্ব দেন। আবার অনেকেই নিজেকে স্বাবলম্বী ও প্রতিষ্ঠিত করার জন্য ক্যারিয়ার গঠনে প্রতিজ্ঞাবদ্ধ হন।

এমন পরিস্থিতিতে একজন উচ্চশিক্ষিত নারীর জন্য একটি সাহসী সিদ্ধান্তের প্রয়োজন হয়। নিজের লক্ষ্যে স্থির থেকে এবং পারিপার্শ্বিক অবস্থা যুক্তিসঙ্গতভাবে বিশ্লেষণ করে তাকে উপযুক্ত সিদ্ধান্ত নিতে হয়। সেটি হতে পারে বিয়ে কিংবা ক্যারিয়ার গঠন। তবে এই দুটি বিষয় কখনোই একে অপরের সঙ্গে সাংঘর্ষিক নয়, বরং দুটি বিষয়ই প্রতিটি নারীর জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত।

একজন নারীর জীবনে নিরাপত্তা ও স্বস্তির সবচেয়ে বড় জায়গা হলো তার পরিবার, বাবা-মা কিংবা জীবনসঙ্গী। পরিবারের আন্তরিক সহযোগিতা এবং সঠিক সিদ্ধান্ত একজন নারীকে ক্যারিয়ার গঠনের পাশাপাশি আত্মবিশ্বাসী হতে ও একটি সুন্দর জীবন গড়তে সবচেয়ে বেশি সাহায্য করে।

নিজস্ব পরিচয়ে বাড়ে আত্মসম্মান
সাইমা হাসান
শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ
বর্তমান বাংলাদেশে মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ আগের তুলনায় অনেক বেড়েছে। তবুও প্রায়ই দেখা যায়, পড়াশোনা শেষ হওয়ার আগেই পরিবার থেকে বিয়ের প্রসঙ্গ ওঠে। বিশেষ করে মধ্যবিত্ত ও গ্রামীণ পরিবারে এই চাপ বেশি দেখা যায়। অনেক সময় পরিবার সরাসরি চাপ না দিলেও আত্মীয়স্বজন ও সমাজের কথায় একটি অদৃশ্য চাপ তৈরি হয়। তাদের ধারণা, বয়স বেড়ে গেলে ভালো বিয়ের প্রস্তাব পাওয়া কঠিন। আবার অনেকেই মনে করেন, একজন মেয়ে ক্যারিয়ারে যতই সফল হোক না কেন, শেষ পর্যন্ত তাকে সংসারই করতে হবে। তবে আমার পরিবারের চিত্রটা কিছুটা ভিন্ন।

আমার পরিবারে বিয়ে নিয়ে তেমন কোনো চাপ নেই। এমনকি চারপাশের মানুষের কথায়ও তারা কান দেন না। তাদের মতে, মেয়েদের আগে নিজের পায়ে দাঁড়াতে হবে। এত কষ্ট করে পড়াশোনা করানোর উদ্দেশ্য শুধু ঘরের কাজ করা নয়। ঘরের কাজ করা কোনো খারাপ কিছু নয়, এটি সবারই করতে হয়। কিন্তু বিয়ের আগে একজন নারীর নিজস্ব একটি পরিচয় থাকা প্রয়োজন বলে আমার পরিবার দৃঢ়ভাবে বিশ্বাস করে। কারো মেয়ে বা কারো স্ত্রী হিসেবে নয়, বরং নিজের ক্যারিয়ারভিত্তিক একটি আলাদা পরিচয় থাকলে সমাজে সম্মানও অনেক বেড়ে যায়।

আমি বর্তমানে অনার্স শেষ বর্ষে পড়াশোনা করছি এবং পাশাপাশি একটি স্কুলে চাকরি করছি। একদিন কথা প্রসঙ্গে আমার এক সহকর্মী জানান, বিয়ের পর তিনি যখন চাকরি করতেন না, তখন শ্বশুরবাড়িতে তাকে অন্য চাকরিজীবী জা-দের তুলনায় কম গুরুত্ব দেওয়া হতো। পরিবারের কোনো অনুষ্ঠানে তাকে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজনও কেউ বোধ করত না, কারণ তার নিজস্ব কোনো ক্যারিয়ার ছিল না। তাই অনেক কষ্টের পরও তিনি এখন নিজের আত্মসম্মান বজায় রাখতে চাকরি করেন। তার এই অভিজ্ঞতা থেকে আমার কাছে বিষয়টি আরও স্পষ্ট হয়েছে যে, বর্তমানে নারীদের জন্য ক্যারিয়ার গড়া কেবল স্বপ্ন পূরণ নয়, বরং নিজস্ব পরিচয় তৈরি এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য এটি একান্ত আবশ্যক।

স্বপ্নপূরণের পথে নারীর অদৃশ্য লড়াই
রিকমা আক্তার
শিক্ষার্থী, উদ্ভিদবিদ্যা বিভাগ (চতুর্থ বর্ষ), মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ
বর্তমান সময়ে একজন মেয়ের জীবনে পরিবার যতটা গুরুত্বপূর্ণ, তার ক্যারিয়ার ও স্বপ্নও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। আধুনিক পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে দেশের প্রতিটি নাগরিককেই শিক্ষিত ও দক্ষ হওয়ার পাশাপাশি নিজের ক্যারিয়ার গড়ে তুলতে হবে। এক্ষেত্রে নারীরা পিছিয়ে থাকলে সমাজ বা দেশ কোনোভাবেই সামনে এগোতে পারবে না।

তবে আমাদের সমাজে প্রায়ই ভিন্ন এক চিত্র দেখা যায়। এখনো অনেক পরিবার রয়েছে যারা মেয়েদের পড়াশোনা শেষ করার আগেই কিংবা শেষ হতে না হতেই বিয়ের জন্য চাপ দেয়। ফলে অনেক মেয়ের স্বপ্ন, সম্ভাবনা এবং ক্যারিয়ার গড়ার সুযোগ মাঝপথেই থেমে যায়। মেয়েদের পিছিয়ে না রেখে পড়াশোনা শেষে তাদের ক্যারিয়ার গড়ার সুযোগ দেওয়া উচিত। একজন নারী নিজের পায়ে দাঁড়ালে তিনি শুধু নিজের জীবনই নয়, পরিবার এবং সমাজকেও শক্তভাবে আগলে রাখতে পারেন।

তাদের অগ্রগতির পথে বাধা না হয়ে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়াটাই একটি প্রগতিশীল সমাজের লক্ষণ। নারীরা যখন নিজেদের স্বপ্ন পূরণ করতে পারেন, তখন পরিবার, সমাজ এবং দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হয়। তাই পরিবার ও সমাজের দায়িত্ব হলো নারীর স্বপ্ন এবং দক্ষতাকে সম্মান জানানো। তাদের সামনে এগিয়ে যাওয়ার পথকে মসৃণ করতে হবে, যাতে কোনো মেয়েকেই মাঝপথে নিজের স্বপ্ন বিসর্জন দিতে না হয়।

পারিবারিক প্রত্যাশায় বন্দি হাজারো নারী
তৈয়বা খানম
শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ
নারী দিবস আসে যায়, কিন্তু নারীর সম্ভাবনার চিত্র খুব একটা বদলায় না। পরিবার থেকে অনেক সময় সরাসরি কোনো চাওয়া-পাওয়া চাপিয়ে দেওয়া না হলেও, নিজের মতো করে কিছু করার ক্ষেত্রে নারীর সামনে বাধা থাকে সীমাহীন। বিয়ে বা ক্যারিয়ার আমাদের বয়ে চলা জীবনেরই স্বাভাবিক অংশ। তবে বিদ্যমান সমাজ ব্যবস্থায় নারীদের জন্য এগুলোকে যেন তালাবদ্ধ শেকল হিসেবে উপস্থাপন করা হয়।

বিয়ে করার পরও যে একজন নারীর স্বাবলম্বী হওয়ার প্রয়োজন আছে, এই চরম সত্যের মুখোমুখি আমরা নিজেদের দাঁড় করাতে চাই না। কেবল পারিবারিক প্রত্যাশার কথা ভেবে নিজের জন্য কিছু না করার সিদ্ধান্ত নিলে একজন নারীর দক্ষতা অর্জন বা উপার্জনের কোনো পথ তৈরি হয় না। এর ফলে যে কোনো প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করতে গিয়ে তাকে হিমশিম খেতে হয়।

ব্যক্তিগতভাবে আমি মনে করি, একজন নারী ক্যারিয়ার গড়লেও তিনি কখনোই তার পারিবারিক দায়িত্ব ভুলে যান না। তাই কর্মক্ষেত্রে নারীর বিচরণকে সবসময় ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। আজকের নারী দিবসে আমার একটাই প্রত্যাশা, বিয়ে হোক কিংবা ক্যারিয়ার, জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীর নিজস্ব মতামতকে প্রাধান্য দেওয়া হোক। পরিবারের একটি যন্ত্র বা দাস না হয়ে, বরং একজন স্বাধীন মানুষ হিসেবে নারী মূল্যায়িত হোক, সমাজ ও পরিবারের কাছে এটাই সবচেয়ে বেশি কাম্য।

শিক্ষার্থীদের এই ভাবনা ও অভিজ্ঞতাগুলো থেকে একটি বিষয় খুব স্পষ্ট যে, আজকের নারীরা আর কেবল অন্যের পরিচয়ে পরিচিত হতে চান না। তারা নিজেদের মেধা, যোগ্যতা ও পরিশ্রম দিয়ে সমাজে একটি নিজস্ব অবস্থান তৈরি করতে বদ্ধপরিকর। পরিবার ও সমাজের উচিত তাদের এই স্বপ্নযাত্রায় বাধা না হয়ে বরং সবচেয়ে বড় শক্তির জায়গা হয়ে ওঠা। বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করে, মেয়েদের ক্যারিয়ার গঠন ও আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ দেওয়া একটি সুস্থ ও প্রগতিশীল সমাজের লক্ষণ। একজন নারী যখন নিজের পায়ে দাঁড়ান, তখন শুধু তিনি একা নন, বরং তার পরিবার এবং পুরো সমাজই সামনের দিকে এগিয়ে যায়। আন্তর্জাতিক নারী দিবসে তাই প্রত্যাশা একটাই, নারীদের স্বপ্নগুলো ডানা মেলুক বাধাহীনভাবে।

কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।