ফিনল্যান্ডে বাংলাদেশি সংস্কৃতির মিলনমেলা
ফিনল্যান্ডের এস্পো শহরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলা বর্ষবরণ উৎসব। প্রবাসে বসেও বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও আনন্দকে ঘিরে এই আয়োজন পরিণত হয় এক মিলনমেলায়। যেখানে অংশগ্রহণ করেন বিভিন্ন বয়স ও শ্রেণির মানুষ। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উপচে পড়া ভিড়।
অনুষ্ঠানটি শুরু হয় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ নববর্ষের আলপনা হাতে ও গালে এঁকে নেন। এই আলপনা আঁকার মাধ্যমে তারা বাঙালি ঐতিহ্যকে ধারণ ও লালন করার এক অনন্য প্রয়াস তুলে ধরেন, যা উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে। এরপর একে একে মঞ্চে পরিবেশিত হয় বাংলাদেশের বিভিন্ন গান, নৃত্য এবং সাংস্কৃতিক পরিবেশনা, যা দর্শকদের মাঝে তৈরি করে ভিন্ন এক আবেগঘন পরিবেশ।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন খাবারের স্টল। সেখানে পাওয়া যায় বাঙালির ঐতিহ্যবাহী মুখরোচক খাবার। যেমন- রসগোল্লা, কালোজাম, নানা ধরনের পিঠা, পায়েস, ফুচকা, ঝালমুড়ি, আমের আচার এবং কদবেলসহ আরও অনেক কিছু। এমন অনেক খাবার ছিল, যা সাধারণত ফিনল্যান্ডে সহজে পাওয়া যায় না। এছাড়াও শিশুদের জন্য ছিল হাওয়াই মিঠাইসহ নানা আকর্ষণ।
- আরও পড়ুন
পহেলা বৈশাখ: বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও চিরন্তন আত্মপরিচয়
বাংলা দিন, মাস-বছর গণনা কে, কবে শুরু করে
নববর্ষ ও বর্ষ গণনার একাল-সেকাল
অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাঙালিরা জানান, অনেকদিন পর এমন একটি আয়োজন তাদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছে। দীর্ঘদিন পর বন্ধু-বান্ধবদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
এই অনুষ্ঠানটির আয়োজক ছিল প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সংগঠন ‘প্রত্যাশা ফিনল্যান্ড’।
আয়োজকরা জানান, বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে এই আয়োজন করা হয়েছে। যাতে করে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশের সংস্কৃতি তুলে ধরা যায়। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। সব মিলিয়ে এস্পো শহরের এই বর্ষবরণ উৎসব প্রমাণ করেছে, দেশ থেকে দূরে থাকলেও হৃদয়ে বেঁচে থাকে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য।
আব্দুল্লাহ ইকবাল/এমআইএইচ