দশ টাকায় দুপুরের খাবার!
দশ টাকায় খাওয়ার জিনিস কী পাওয়া যায়? এক টাকা দামের দশটি চুইংগাম, বড়জোর দুইটি সিংগারা কিংবা সমুচা। কিন্তু মাত্র দশটাকায় যদি ভরপেট খাওয়া যায়, তাও আবার দুপুরের খাবার? শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই! অবিশ্বাস্য মনে হলেও ব্যাপারটি সত্যি। হাত বাড়ালেই এমন অভাবনীয় সুযোগ এবার আমজনতার নাগালে। সৌজন্যে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা প্রশাসন। অবাক জলপানের কথা কে না জানে! আর এ যেন অবাক মধ্যাহ্নভোজন। মাত্র দশ টাকায় মিলবে ভাত, ডাল, দুই রকম তরকারি এমন কি চাটনিও!
বর্ধমানের জেলাশাসক সৌমিত্র মোহনের ভাবনার বাস্তবায়নে উদ্যোগী পুরসভাও। বর্ধমান শহরের তিনকোনিয়া বাসস্ট্যান্ডের পরিত্যক্ত যাত্রীনিবাসে শিগগিরই চালু হচ্ছে এই দশ টাকার হোটেল।
নানা মহলে আলোচনার পর গত উনিশে এপ্রিল বর্ধমান টাউন হলে আয়োজিত এক সভায় পরিকল্পনার রূপরেখা চূড়ান্ত হয়। জেলাশাসক ও পুরপ্রধান ছাড়াও শহরের ব্যবসায়ী থেকে সমাজসেবী, এমনকী রাজনৈতিক ব্যক্তিত্বরাও সভায় উপস্থিত ছিলেন। সকলের সহযোগিতা নিয়ে এই পরিসেবা চালানোর আহবানে ইতিমধ্যেই ব্যাপক সাড়া মিলেছে।
জানা গেছে, সস্তার ওই লাঞ্চের জন্য মাথাপিছু খরচ পড়বে পঁচিশ টাকা। তবে ভর্তুকি দিয়েই দশ টাকার এই পরিষেবা চালানো হবে। সকাল দশটা থেকে বারোটার মধ্যে কুপন সংগ্রহ করলেই মিলবে এই দশ টাকার লাঞ্চ।
এইচএন/পিআর