গাইবান্ধায় জমি রেজিস্ট্রেশনে বাড়তি টাকা নেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ
গাইবান্ধা জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দীর্ঘকাল ধরে চলা দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১২ মে) দুপুরে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
সচেতন নাগরিকের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে তারা সাব-রেজিস্ট্রি সামনে মানববন্ধন করেন।
বক্তারা বলেন, ২০০৯ সাল থেকে গাইবান্ধা জেলা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির তথাকথিত সাধারণ সম্পাদক মোস্তামল্লিকের নেতৃত্বে একটি সিন্ডিকেট সাধারণ মানুষের কাছ থেকে জিম্মি করে অর্থ হাতিয়ে নিচ্ছে। জাল স্ট্যাম্প ব্যবহার, পে-অর্ডারের জালিয়াতি ও সমিতির নামে সরকারি নিয়মের তোয়াক্কা না করে অতিরিক্ত চাঁদা আদায়ের পাহাড়সম অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে। বর্তমানে কোনো বৈধ কমিটি না থাকলেও প্রতি দলিলে ৬ থেকে ৮ হাজার টাকা করে অবৈধভাবে আদায় করা হচ্ছে, যার মাসিক পরিমাণ প্রায় ৫০ লক্ষ টাকা।
তারা আও বলেন, এই নজিরবিহীন দুর্নীতির প্রতিবাদ জানিয়ে গাইবান্ধা সাব-রেজিস্ট্রার অফিসে সকল প্রকার নিয়মবহির্ভূত অর্থ লেনদেন বন্ধের দাবি জানান তারা। এছাড়াও ‘অনির্বাচিত কমিটি’র কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধসহ দুর্নীতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
পরে বিক্ষোভকারীরা শহরের রেজিস্ট্রি অফিসের সামনের রাস্তায় ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখলে পুরো শহরে যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে তারা অবরোধ অবরোধ তুলে নেন।
আনোয়ার আল শামীম/এমএন/এমএস