ডেঙ্গুতে মারা যাওয়া ৪ জনই নারী, সবাই ঢাকার বাসিন্দা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ৩১ আগস্ট ২০২৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। তাদের সবাই নারী এবং ঢাকার বাসিন্দা। এর মধ্যে তিন বছর বয়সী এক শিশুও রয়েছে।

এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৮ জন, যা চলতি বছর একদিনে রেকর্ড শনাক্ত। এর আগে গত ৭ জুলাই ৪৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১২২ জন এবং শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ৪৭৬ জনে।

রোববার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া চারজনের মধ্যে দুজন মিটফোর্ড হাসপাতালে, একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের সবাই নারী। তাদের মধ্যে একজনের বয়স তিন বছর। এছাড়া একজন ৩৫, একজন ৪০ ও একজনের বয়স ৫৩ বছর।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি জুলাই মাসে ৪১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, আগস্টে ৩৯ জন, জুনে ১৯ জন মারা যান। মার্চে কোনো রোগীর মৃত্যু হয়নি।

গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ১৫৩ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এর বাইরে ঢাকা বিভাগে ১০৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৯৩ জন, খুলনা বিভাগে ৪২ জন, রাজশাহী বিভাগে ৩৮ জন, বরিশাল বিভাগে ১১০ জন এবং সিলেট বিভাগে দুজন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১৪৮৬ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪৭৭ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১০০৯ জন।

এসইউজে/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।