ভিড় এড়াতে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার অনুরোধ বিএমইউ কর্তৃপক্ষের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:৪১ পিএম, ০১ এপ্রিল ২০২৬
ফাইল ছবি

হাসপাতালের বহির্বিভাগের সেবা নেওয়ার জন্য ভিড় এড়াতে রোগীদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে টিকিট প্রিন্ট করে নিয়ে আসার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) কর্তৃপক্ষ।

টিকিট প্রিন্ট দিয়ে নিয়ে আসলে নির্ধারিত সময়ে নির্ধারিত কক্ষে সরাসরি গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। রোগীদের এতে সময় যেমন সাশ্রয় হবে, তেমনি বহির্বিভাগে টিকিট কাটা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থেকে ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ সহ্য করতে হবে না। 

বিএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ এবং পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান এ অনুরোধ জানান।

আজ ১ এপ্রিল বিএমইউর জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার এ তথ্য জানান।

তিনি জানান, ৩১ মার্চ পর্যন্ত অনলাইন টিকিটের মাধ্যমে প্রায় এক লাখ মানুষ চিকিৎসাসেবার জন্য ফোন করেছেন। বিএমইউ এর বহির্বিভাগ ১ এবং বহির্বিভাগ ২ এ রোগীরা এই চিকিৎসাসেবা গ্রহণ করেন।

বর্তমানে প্রতিদিন দেড় থেকে দুই হাজার রোগী বিএমইউর ওয়েবসাইট (www.bmu.ac.bd) থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডিজিটাল পেমেন্ট পদ্ধতিতে টিকিটের মূল্য পরিশোধ করে এই সুবিধা নিতে পারছেন। এতে রোগীদের লাইনে দাঁড়িয়ে থেকে ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ সহ্য করে বহির্বিভাগের টিকিট কেনার প্রয়োজন হচ্ছে না। দিন দিন এই পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠছে। 

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।