গবেষণা অনুদান পেলেন সিআইএমসির ৭ গবেষক
চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে (সিআইএমসি) গবেষণা কার্যক্রম উৎসাহিত করতে ৭ শিক্ষক ও গবেষককে মোট ৫ লাখ টাকার গবেষণা অনুদান দেওয়া হয়েছে।
শনিবার (১৬ মে) কলেজের রিসার্চ সেলের উদ্যোগে আয়োজিত অনুদান অনুষ্ঠানে আবেদনের ভিত্তিতে নির্বাচিত ৭ জনকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেলথ সার্ভিসের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এম এ ফায়েজ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির সাবেক ডিন অধ্যাপক মো. আমির হোসেন।
চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অ্যাডভাইজার ও রিসার্চ সেলের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. টিপু সুলতানের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুসলিনা আখতারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিইএসএইচ ইসি কমিটির সেক্রেটারি অধ্যাপক মো. নুরুন্নবী, ট্রেজারার জালাল উদ্দিন আকবর, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও চট্টগ্রাম মেডিকেল কলেজের দন্ত অনুষদের সাবেক ডিন অধ্যাপক ডা. মো. আকরাম পারভেজ চৌধুরী, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী হোসাইন, সিআইএমসিএইচ-এর পরিচালক ডা. অং সুইং প্রু মারমা, সিআইডিএসিএইচ-এর পরিচালক অধ্যাপক ডা. শাহকিল জব্বার এবং রিসার্চ সেলের সদস্য সচিব অধ্যাপক ডা. পারভেজ ইকবাল শরীফ।
চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ একাডেমিক অ্যাফেয়ার্স ডিভিশনের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ ওমর গনির সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এম এ ফায়েজ বলেন, এই প্রতিষ্ঠান শিক্ষা ও গবেষণায় যেভাবে এগিয়ে যাচ্ছে, অদূর ভবিষ্যতে দেশের গণ্ডি পেরিয়ে এর সুখ্যাতি সারাবিশ্বে ছড়িয়ে পড়বে। গবেষণা প্রকল্পে অনুদানের মাধ্যমে গবেষকদের উৎসাহ দেওয়ার এই ধারা অব্যাহত রাখার জন্য প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।
বিশেষ অতিথি অধ্যাপক আমির হোসেন বলেন, প্রতিষ্ঠার পর অল্প সময়ের মধ্যেই এই প্রতিষ্ঠান এতদঞ্চলের বাইরেও সারাদেশে স্বাস্থ্য-শিক্ষায় পথপ্রদর্শক হিসেবে আবির্ভূত হয়েছে। কর্তৃপক্ষের অব্যাহত সহযোগিতা ও সুদক্ষ নেতৃত্বে এ প্রতিষ্ঠান আরও অনেক দূর এগিয়ে যাবে।
বক্তারা ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে গবেষণা অনুদানপ্রাপ্ত ৭ জনকে অভিনন্দন জানান। তারা জানান, এই প্রতিষ্ঠানের গবেষকরা নিয়মিতভাবে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বিএমআরসি, বিসিপিএস, বিএসএমএমইউসহ বিভিন্ন সংস্থা থেকে গবেষণা অনুদান পেয়ে থাকেন।
এমআরএএইচ/এমআইএইচএস