কৃষকদের অনুষ্ঠানে নেই কৃষক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ১৬ মে ২০২৬

শেরপুরে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। তবে কৃষকদের স্বার্থে আয়োজিত এ অনুষ্ঠানে কোনো প্রকৃত কৃষকের দেখা মেলেনি। অনুষ্ঠান জুড়ে খাদ্যগুদামের শ্রমিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিষয়টি নিয়ে স্থানীয় বিভিন্ন মহলে তীব্র সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা খাদ্যগুদামে সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।

স্থানীয় সচেতন মহলের মতে, যে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ, সেই আয়োজনেই কৃষকদের না থাকা চরম সমন্বয়হীনতার প্রমাণ। মাঠের প্রকৃত কৃষকদের বাদ দিয়ে রাজনৈতিক নেতা-কর্মী ও শ্রমিকদের উপস্থিতি এটাই প্রমাণ করে যে অনেক সময় কৃষককেন্দ্রিক সরকারি উদ্যোগগুলো কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থেকে যায়।

কৃষকদের অনুপস্থিতির বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক ভুঁইয়া বলেন, অনুষ্ঠান শুরুর আগে আমি তিনজন কৃষকের কাছ থেকে নিজে ধান সংগ্রহ করেছি। পরে তারা ছিল কিনা, জানি না।

এ বিষয়ে সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, বিষয়টি আমিও খেয়াল করেছি। আমাকে তো বিভিন্ন দপ্তরের ওপর নির্ভর করেই চলতে হয়। যারা উপকারভোগী তাদের থাকা দরকার ছিল। আপনার এই পরামর্শটি চমৎকার, আমি নোট করে রাখলাম।

কৃষকদের অনুষ্ঠানে নেই কৃষক

অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকরা যেন সহজে সরকারি গুদামে ধান বিক্রি করে লাভবান হতে পারেন, সেজন্যই এই উদ্যোগ। কোনো কৃষক যেন হয়রানি বা প্রতারণার শিকার না হন, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। একইসঙ্গে জেলা খাদ্য বিভাগকে কৃষকদের সঙ্গে স্বচ্ছ ও মানবিক আচরণ নিশ্চিত করতে হবে।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহমেদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক ভুঁইয়া, সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল বাতেন, জেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে শেরপুর জেলায় ৩৬ টাকা কেজি দরে ১১ হাজার ২২৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২ হাজার ৯৪৬ মেট্রিক টন, নালিতাবাড়ীতে ২ হাজার ৮২৯ মেট্রিক টন, নকলায় ১ হাজার ৫২০ মেট্রিক টন, শ্রীবরদীতে ২ হাজার ১৪৮ মেট্রিক টন এবং ঝিনাইগাতীতে ১ হাজার ৭৮৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

এছাড়া ৪৯ টাকা কেজি দরে ২৫ হাজার ৬৯৬ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সদরে ১৯ হাজার ৬৯০ মেট্রিক টন, নালিতাবাড়ীতে ২ হাজার ৬৮১ মেট্রিক টন, নকলায় ৩৩৮ মেট্রিক টন, শ্রীবরদীতে ৩৬৮ মেট্রিক টন এবং ঝিনাইগাতীতে ২ হাজার ৬১৯ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।

মো. নাঈম ইসলাম/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।