হেপাটাইটিস একটি নীরব ঘাতক
হেপাটাইটিস একটি নীরব ঘাতক যা মানুষকে তিলেতিলে শেষ করে দেয় বলে মন্তব্য করেছেন রোগ নিয়ন্ত্রণ ইউনিটের পরিচালক ও স্বাস্থ্যসেবা অধিদফতরের (ডিজিএইচএস) লাইন পরিচালক প্রফেসর ডা. সানিয়া তাহমিনা।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ মেডিসিন ক্লাব ও বেক্সিমকো ফার্মা যৌথভাবে এই সভার আয়োজন করে। ।
ডা. সানিয়া তাহমিনা বলেন, অনেক সময় দেখা যায় একজন হেপাটাইটিসে আক্রান্ত হয়েছেন কিন্তু তিনি এর সিমটম বুঝতে পারছেন না। পরে দেখা যায় শেষ সময়ে এসে হাসপাতালে ভর্তি হয়েও কোনো লাভ হচ্ছে না। আর এই রোগে চিকিৎসার জন্য কি পরিমাণে খরচ করতে হয় তার হিসাব নেই। তাই আমাদের এই বিষয়ে আরও সচেতনতা বৃদ্ধি করতে হবে।
সভায় আলোচকরা জানান, প্রতি বছর বাংলাদেশে হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত হয়ে ২০ হাজার মানুষ মারা যায়। আর এই সংখ্যা প্রতি বছর সারা বিশ্বে ১.৪ মিলিয়ন। হেপাটাইটিস হল একটি নীরব ঘাতক যা মানুষকে তিলেতিলে শেষ করে দেয়।
তারা আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগামী ২০৩০ সালের মধ্যে পৃথিবীকে হেপাটাইটিস মুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে। আমাদের দেশের পক্ষেও তা অর্জন করা সম্ভব। এ দেশে হেপাটাইটিস প্রতিরোধের ভালো ওষুধ তৈরি হচ্ছে। যা অল্প টাকাতেই পাওয়া যাচ্ছে।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের পরিচালক উত্তম কুমার বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজির সহকারী অধ্যাপক ডা. নূরজাহান চৌধুরী প্রমুখ।
এএস/এমএমজড/এআরএস/এমএস