টেলিমেডিসিন সেবা চালু করলো টিবি হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ০৫ এপ্রিল ২০২০

ঘরে বসে রোগীদের চিকিৎসা দিতে টেলিমেডিসিন সেবা চালু করেছে ঢাকার শ্যামলীর সরকারি ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতাল কর্তৃপক্ষ।

করোনাভাইরাস সংক্রমণের মুহূর্তে রোগীদের অনলাইনে ভিডিওকলের মাধ্যমে চিকিৎসাসেবা দিতে এই উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার টেলিমেডিসিন সেবার উদ্বোধন করেন ডাক্তারদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন।

উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের বলেন, করোনা প্রাদুর্ভাবের মধ্যে অনেকেই হাসপাতালে আসতে পারছে না। তাদের চিকিৎসাসেবা দিতে এই ‘টেলিমেডিসিন সেবা’ অনেক কাজে আসবে। ঘরে বসেই রোগীরা সেবা পাবে। এতে করে বাংলাদেশে সরকারি হাসপাতালের চিকিৎসাসেবার নতুন অধ্যায় চালু হলো।

হাসপাতালের উপপরিচালক আবু রায়হান বলেন, আমরা টেলিমেডিসিন সেবা চালু করেছি সাধারণ রোগীদের কথা চিন্তা করে। এই সেবা শুধু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় নয়, এটা আমরা সবসময় অব্যাহত রাখব। ২৪ ঘণ্টা রোগীরা টেলিমেডিসিন সেবা পাবে।

স্কাইপি লিংক (ntbcp) ও ফেসবুক মেসেঞ্জার লিংকের মাধ্যমে এই সেবা দেয়া হচ্ছে বলেও জানান হাসপাতালের উপপরিচালক।

তিনি জানান, এই দুই লিংকে ভিডিওকলের মাধ্যমে ডাক্তারদের সঙ্গে সরাসরি কথা বলে রোগীর সমস্যা জানা হয়, পরে প্রেসক্রিপশন মেসেঞ্জারে পাঠিয়ে দেয়া হয়।

এর আগে শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালে বিএমএর পক্ষ থেকে পিপিই ও করোনাভাইরাস সুরক্ষা সরঞ্জাম উপহার দেন বিএমএ সভাপতি মোস্তফা জালাম মহিউদ্দিন।

এইউএ/বিএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।