ইন্টার্নশিপের সুযোগ পেলেন সেই মেডিকেল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০১ পিএম, ০৭ এপ্রিল ২০২০

সম্প্রতি ‘করোনাভাইরাসের ভয়ে’ ইন্টার্নশিপে যোগ না দেয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সারাদেশের কোথাও এই সুযোগ না দেয়ার একটি নোটিশ জারি করা হয়েছিল। রোববার (৫ এপ্রিল) সেই নোটিশটি বাতিল করা হয়েছে। ইন্টার্নশিপে যোগ দেয়া শিক্ষার্থীরা গণপরিবহণ চালু হওয়ার পর যোগ দিতে পারবেন বলে নতুন নোটিশ দেয়া হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, পেশাগত ফাইনাল এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ ইন্টার্ন চিকিৎসকদের (এম-৫২ ব্যাচ) ইন্টার্নশিপে যোগ না দেয়ার বিষয়টি পরিচালক মানবিকতার সাথে বিবেচনা করেছেন। এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকও তার মতামত দিয়েছেন। কোনো ইন্টার্ন চিকিৎসকের ভবিষ্যৎ যেন ক্ষতির মুখে না পড়ে তাই গণপরিবহন চালুর পর তাদের একসঙ্গে ইন্টার্নশিপে যোগদানের জন্য বলা হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাছির উদ্দীন আহমেদ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে একটি চিঠি পাঠান। চিঠিতে তিনি উল্লেখ করেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হতে ২০১৯ সালের নভেম্বরে অনুষ্ঠিত পেশাগত ফাইনাল এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ ইন্টার্ন চিকিৎসকদের (এম-৫২ ব্যাচ) ২০২০ সালের ১৪ মার্চ থেকে ২৫ মার্চ তারিখের মধ্যে যোগদান করার নির্দেশ দেয়া হয়েছিল। তবে ২ এপ্রিল পর্যন্ত এই ব্যাচের কেউ যোগদানপত্র দাখিল করেননি বা যোগদান করেননি। এতো সংখ্যক ইন্টার্ন চিকিৎসক একসঙ্গে যোগদান না করার ফলে হাসপাতালের চিকিৎসাসেবায় মারাত্মকভাবে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

চিঠিতে তিনি বলেন, মানবসেবাই একজন চিকিৎসকের ধর্ম। জনগণের ট্যাক্সের টাকায় ডাক্তার হয়ে এমন মহৎ পেশায় নিয়োজিত থেকে বর্তমানে করোনায় আক্রান্ত দেশের এই ক্রান্তিলগ্নে সংক্রমণের ভয়ে এই ব্যাচের ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালে যোগদান করেননি। তাদের এই আচরণ মানবতাবিরোধী এবং ডাক্তারি পেশার সাথে সাংঘর্ষিক, যা কোনোভাবেই কাম্য নয়।

‘তাই, উপরোক্ত বক্তব্যের আলোকে এম-৫২ ব্যাচের কোনো শিক্ষার্থী যেন কোনো প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণ করার সুযোগ না পান, এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো।’

তার এই সিদ্ধান্তের পর দেশের কিছু মেডিকেল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা যায়। প্রতিবাদের মুখে সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য হয় মেডিকেল কলেজ প্রশাসন।

এআর/এইচএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।