ডায়াবেটিস চিকিৎসায় বছরে ব্যয় সাড়ে ৬ লাখ কোটি টাকা
বিশ্বে ডায়াবেটিস রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনায় বছরে সাড়ে ছয় লাখ কোটি টাকা খরচ হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিশ্ববিখ্যাত মেডিকেল জার্নাল ল্যানচেটে। বৃহস্পতিবার সুদীর্ঘ ৩৫ বছর মেয়াদে বিশ্বের বিভিন্ন দেশের রেকর্ডসংখ্যক ৪৪ লাখ ডায়াবেটিস রোগীর ওপর পরিচালিত গবেষণা জরিপ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরে ল্যানচেটে।
জানা যায়, বিভিন্ন দেশের পাঁচ শতাধিক গবেষক বিগত ১৯৮০ থেকে ২০১৪ সাল মেয়াদে মোট ৪৪ লাখ প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ ডায়াবেটিস রোগীর ওপর এ গবেষণা কার্যক্রম পরিচালনা করেন।
ইম্পেরিয়াল কলেজ অব লন্ডনের বিজ্ঞানীদের নেতৃত্বে হারভার্ড টিএইচ চ্যন স্কুল অব পাবলিক হেলথ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মনোনীত গবেষকরা পারস্পরিক যোগাযোগ রক্ষার মাধ্যমে প্রতিটি দেশের ডায়াবেটিস আক্রান্ত রোগীদের অবস্থা সম্পর্কে তথ্যউপাত্ত বিনিময় করে সর্বগ্রহণযোগ্য এ জরিপ প্রতিবেদনটি তৈরি করেন।
বাংলাদেশের পক্ষে এ গবেষণা কার্যক্রমে জড়িত ছিলেন মহাখালী রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ড. মাহমুদুর রহমান। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে ড. মাহমুদুর রহমান বলেন, ইতোপূর্বে বিশ্বে ডায়াবেটিসের ওপর এতবড় নমুনা নিয়ে কোন গবেষণা প্রকাশিত হয়নি।
গবেষণা প্রতিবেদনে দেখা গেছে গত ৩৫ বছরে বিশ্বের বিভিন্ন দেশে ডায়াবেটিস আক্রান্ত পুরুষ রোগীর সংখ্যা দ্বিগুণের বেশি হয়েছে। ১৯৮০ সালে আক্রান্তের হার শতকরা মাত্র ৪ দশমিক ৩ ভাগ থাকলেও ২০১৪ সালে এ সংখ্যা বৃদ্ধি পেয়ে শতকরা ৯ ভাগে উন্নীত হয়।
১৯৮০সালে নারীদের মধ্যে ডায়াবেটিসে আক্রান্তের হার শতকরা ৫ ভাগ থাকলেও ২০১৪ সালে এটি বৃদ্ধি পেয়ে ৭ দশমিক ৯ ভাগে দাঁড়ায়। ১৯৮০ সালে প্রাপ্তবয়স্ক ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা মাত্র ১০ কোটি ৮ লাখ থাকলেও ২০১৪ সালে এ সংখ্যা দাঁড়ায় ৪ কোটি ২২লাখ। আক্রান্ত রোগীদের মধ্যে বয়স্কদের সংখ্যাই বেশি।
গবেষণা প্রতিবেদন অনুযায়ী নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতেই ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে পলিনেশিয়া ও মাইক্রোনেশিয়ার দেশগুলোতে এ সংখ্যা বেশি বৃদ্ধি পেয়েছে। এসব দেশে প্রতি পাঁচজনে একজন ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার প্রমাণ মিলেছে। উত্তর পশ্চিম ইউরোপের দেশগুলোতে সবচেয়ে কম, শতকরা মাত্র ৪ দশমিক ৩ ভাগ ডায়াবেটিস রোগী রয়েছে।
গবেষণা প্রতিবেদনের তথ্যানুসারে, ডায়াবেটিস রোগের চিকিৎসা ব্যবস্থাপনায় মোট ব্যয়কৃত ৮২৫ বিলিয়ন ডলারের মধ্যে সর্বোচ্চ ব্যয়ের তালিকাভুক্ত দেশসমূহের মধ্যে চীন (১৭০ বিলিয়ন ডলার), মার্কিন যুক্তরাষ্ট্র (১০৫ বিলিয়ন ডলার) ও ভারত (৭৩বিলিয়ন ডলার) খরচ হয়।
জরিপ কার্যক্রমের অন্যতম লেখক লন্ডনের ইম্পেরিয়াল কলেজের পাবলিক হেলথের অধ্যাপক মাজিদ ইজ্জাতি বলেন, এ গবেষণাটিতে বিশ্বে ডায়াবেটিসের পূর্ণাঙ্গ একটি চিত্র ফুটে উঠেছে। স্থুলতা নিয়ন্ত্রণে সুষম খাবার খাওয়া নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য শিক্ষার হার বৃদ্ধি করতে হবে।
এমইউ/এসকেডি/এবিএস