আফগানিস্তানে রকেট হামলায় নিহত ২৬
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে বুধবার রাতে এক রকেট হামলায় অন্তত ২৬ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। দেশটির সরকারি বাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যকার সংঘর্ষকালীন এ ঘটনা ঘটে। খবর আলজাজিরার।
সাঙ্গিন জেলায় ঘটা ওই দুর্ঘটনায় হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। হেলমান্দ পুলিশের মুখপাত্র ফরিদ আহমেদ ওবায়েদ বলেছেন, ‘আফগানিস্তানের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যকার সংঘর্ষকালীন ওই রকেটটি আঘাত হানে।’
অতিথিরা বিয়ের আসরে উপস্থিত হওয়ার পরপরই এ ঘটনা ঘটে বলে জানান তিনি। তালেবানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হেলমান্দ প্রদেশে ন্যাটো বহিনীর সঙ্গে নিয়মিত সংঘর্ষ ঘটত। গত রবিবার ন্যাটো আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান যুদ্ধ শেষ করার পর আন্তর্জাতিক সিকিউরিটি এ্যাসিস্টেন্স ফোর্স (আইএসএএফ) দায়িত্ব গ্রহণ করে।