মস্কোয় শীর্ষ সামরিক কর্মকর্তা গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:০০ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
মস্কোয় শীর্ষ রুশ সামরিক কর্মকর্তা গুলিবিদ্ধ/ ছবি: এএফপি

রাশিয়ার এক শীর্ষ সামরিক কর্মকর্তা মস্কোয় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রুশ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

রাশিয়ার তদন্ত কমিটির (আইসিআর) মুখপাত্র স্বেতলানা পেত্রেঙ্কো শুক্রবার জানান, অজ্ঞাত এক হামলাকারী লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেইয়েভের ওপর গুলি চালায়। তিনি রুশ সামরিক গোয়েন্দা সংস্থার উপপ্রধান।

পেত্রেঙ্কো জানান, মস্কোর ভলোকালামস্ক হাইওয়ের একটি আবাসিক ভবনে এই হামলা ঘটে। হামলার পর সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় হত্যাচেষ্টা এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ফৌজদারি মামলা করা হয়েছে বলে জানিয়েছে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা।

পেত্রেঙ্কো বলেন, ভুক্তভোগীকে শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, তদন্তকারী ও ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে কাজ করছেন, নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছেন এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

লেফটেন্যান্ট জেনারেল আলেক্সেইয়েভ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জেনারেল স্টাফের মেইন ডিরেক্টরেটের উপপ্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

২০২৩ সালে ওয়াগনার গ্রুপের নেতা ইয়েভগেনি প্রিগোজিন মস্কোর বিরুদ্ধে বিদ্রোহ করলে তার সঙ্গে আলোচনার জন্য যেসব কর্মকর্তা পাঠানো হয়েছিল, আলেক্সেইয়েভ তাদের একজন ছিলেন। পরে প্রিগোজিন একটি বিমান দুর্ঘটনায় নিহত হন, যার জন্য অনেক পর্যবেক্ষক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেন।

ইউক্রেন যুদ্ধ শুরুর চার বছরে রাশিয়ার বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা হত্যার শিকার হয়েছেন। মস্কো এসব হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে আসছে। কিছু ক্ষেত্রে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থাও দায় স্বীকার করেছে।

সবশেষ নিহত কর্মকর্তা ছিলেন জেনারেল স্টাফের সেনা প্রশিক্ষণ পরিদপ্তরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ। গত ২২ ডিসেম্বর তার গাড়ির নিচে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে তিনি নিহত হন।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।