প্রেমিকার বাগদানের খবরে আত্মহত্যা করলেন বডিবিল্ডার
ভারতের বেঙ্গালুরুতে ২৬ বছর বয়সী এক বডিবিল্ডারের মৃত্যু হয়েছে। প্রেমিকার বাগদানের খবর জানার পর তিনি চরম হতাশায় পড়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
নিহত যুবকের নাম কিরণ। তিনি পেশায় একজন বডিবিল্ডার ও জিম প্রশিক্ষক ছিলেন। পুলিশ জানায়, গত তিন বছর ধরে তিনি ওই তরুণীর সঙ্গে সম্পর্কে ছিলেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) কিরণ তার প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে জানাতে পারেন পরিবারের সিদ্ধান্তে অন্য একজনের সঙ্গে তার বাগদান ঠিক হয়েছে। এই খবর শুনে কিরণ মানসিকভাবে ভেঙে পড়েন এবং নিজের বাসায় ফিরে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেন।
দীর্ঘ সময় পার হয়ে গেলেও কিরণ বাইরে না এলে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং তাকে অচেতন অবস্থায় দেখতে পান।
পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, কিরণের কক্ষ থেকে পাওয়া একটি চিরকুটসহ ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে।
সূত্র: এনডিটিভি
এমএসএম