ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি পেলেন আইনজীবী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: এএফপি (ফাইল)

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কারাগারে দেখা করার অনুমতি পেয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার।

অনুমাতি প্রসঙ্গে আদালত বলেন, পিটিআই প্রতিষ্ঠাতার কারাবাসের পরিবেশ সম্পর্কে একটি প্রতিবেদন চাওয়া সমীচীন। ব্যারিস্টার সালমান সাফদারকে কারাগারে প্রবেশের সুযোগ দিতে হবে, যাতে তিনি লিখিতভাবে প্রতিবেদন জমা দিতে পারেন।

সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন, ইমরান খানের থাকার অবস্থা ও সুযোগ-সুবিধা সম্পর্কে একটি প্রতিবেদন আগামী বুধবারের মধ্যে আদালতে দাখিল করতে হবে।

আদালত উল্লেখ করেন, ২০২৩ সালের ২৪ আগস্ট দেওয়া আদেশ অনুযায়ী আগে যে প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল, তখন ইমরান খান অ্যাটক কারাগারে ছিলেন। এ কারণে নতুন করে তথ্য প্রয়োজন। পরে শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়।

ইমরান খান দুই বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি রয়েছেন। তার কারাবাস ঘিরে সরকার ও পিটিআইয়ের মধ্যে বারবার উত্তেজনা তৈরি হয়েছে। ইমরানের সঙ্গে সাক্ষাতের দাবিতে পিটিআই সমর্থকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

সম্প্রতি পিটিআই আবারও ইমরানের স্বাস্থ্য ও কারাবাসের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে, বিশেষ করে জানা যায় যে তিনি গুরুতর চোখের রোগ ‘সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন-এ আক্রান্ত হয়ে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (পিমস)-এ চিকিৎসা নিয়েছেন।

ইমরান খানের দুই ছেলে কাসিম খান ও সুলায়মান খানও আদিয়ালা কারাগারের পরিস্থিতিকে খুবই খারাপ ও মানসম্মত নয় বলে অভিযোগ করেছেন।

এর আগে পিটিআই ইমরানের সঙ্গে দেখা করার জন্য আদালতে আবেদন করলেও, সুপ্রিম কোর্ট জানায়, সরকারকে নোটিশ না দিয়ে এ বিষয়ে কোনো আদেশ দেওয়া সম্ভব নয়।

সূত্র: জিও নিউজ

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।