ইসরায়েলের শীর্ষ নেতৃত্বে তীব্র ফাটল, চাপে নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:০২ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
বেঞ্জামিন নেতানিয়াহু/ ফাইল ছবি: এএফপি

ইসরায়েলের সাবেক মন্ত্রী ও সামরিক কমান্ডারদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সমালোচনামূলক বক্তব্য আসার পর তেল আবিবে গভীর রাজনৈতিক ও নিরাপত্তাগত বিভাজন প্রকাশ পেয়েছে। এই মতবিরোধ গাজা যুদ্ধ পরিচালনার ধরন থেকে শুরু করে ২০২৩ সালের ৭ অক্টোবরের ব্যর্থতার দায় এড়ানোর প্রচেষ্টাকেও অন্তর্ভুক্ত করেছে।

গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের বিধ্বংসী যুদ্ধ শুরুর দুই বছরেরও বেশি সময় পর দেশটির রাজনৈতিক ও সামরিক কাঠামোর ভেতরে নেতানিয়াহুর বিরুদ্ধে নতুন করে সমালোচনার ঢেউ উঠেছে। সাবেক যুদ্ধ বিষয়ক মন্ত্রী, বিরোধী দলের নেতা এবং ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক কমান্ডাররা প্রধানমন্ত্রীর বয়ান প্রত্যাখ্যান করে তাকে মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করেছেন। নিরাপত্তা ব্যর্থতা ঢাকতে গোপন নথির রাজনৈতিক অপব্যবহারেরও অভিযোগ এনেছেন তারা।

নেতানিয়াহু মিথ্যা বলছেন
ইসরায়েলের সাবেক যুদ্ধ বিষয়ক মন্ত্রী ইওয়াভ গালান্ত দেশটির গণমাধ্যমে দেওয়া এক স্পষ্ট সাক্ষাৎকারে বেঞ্জামিন নেতানিয়াহুকে মিথ্যাবাদী আখ্যা দিয়েছেন। তিনি বলেন, দায়িত্ব এড়াতে প্রধানমন্ত্রী ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা নিয়ে একটি ভুয়া বর্ণনা তৈরি করেছেন। গালান্ত জোর দিয়ে বলেন, গত ৭ অক্টোবরের হামলার পর সামরিক ও নিরাপত্তা কমান্ডারদের সমর্থন দেওয়ার বদলে নেতানিয়াহু তাদের রাজনৈতিক আক্রমণের লক্ষ্যবস্তু বানান এবং নিজের ব্যর্থতা সেনাবাহিনী ও শিন বেটের (ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা) ঘাড়ে চাপানোর চেষ্টা করেন।

ইয়ার ল্যাপিড ও বিরোধী শিবিরের অভিযোগ
ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মহা হিসাবরক্ষকের কাছে পাঠানো ৫৫ পৃষ্ঠার নথির প্রতিক্রিয়ায় নেতানিয়াহুর বিরুদ্ধে ৭ অক্টোবরের আগে পাওয়া গোয়েন্দা সতর্কবার্তাগুলো ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়ার অভিযোগ তোলেন। তিনি বলেন, ফিলিস্তিনিদের অভিযানের বহু মাস আগেই তিনি ব্যাপক সংঘাতের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিলেন। এরপর তিনি প্রশ্ন করে বলেন, যদি বিরোধী দলের নেতা বিষয়টি জানতেন, তবে প্রধানমন্ত্রী কীভাবে অজ্ঞতার দাবি করেন?

তদন্তের চ্যালেঞ্জ ও রাজনৈতিক অচলাবস্থা
ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক চিফ অব স্টাফ গাদি আইজেনকট নেতানিয়াহুকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর আত্মপক্ষ সমর্থনের দায়ে অভিযুক্ত করেছেন। একই সঙ্গে তিনি ৭ অক্টোবরের আগের সব বৈঠকের কার্যবিবরণী সম্পূর্ণভাবে প্রকাশের দাবি জানান।

তদন্ত কমিশনের ধরন নিয়ে বিরোধ এবং সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত স্থগিত হওয়া তেল আবিবের রাজনৈতিক সংকটকে আরও ঘনীভূত করেছে, যে সংকটকে ইহুদিবাদী ইসরায়েলের সর্বোচ্চ স্তরে আস্থা ভাঙনের স্পষ্ট নিদর্শন হিসেবে দেখা হচ্ছে।

সূত্র:পার্স ট্যুডে

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।