পিউ রিসার্চ সেন্টার
ধর্মীয় বৈচিত্র্যের বিবেচনায় শীর্ষে সিঙ্গাপুর, বাংলাদেশের অবস্থান কত?
ধর্মীয় বৈচিত্র্যের বিবেচনায় নতুন একটি গবেষণার তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ‘পিউ রিসার্চ সেন্টার’। ২০২০ সালের তথ্যের ভিত্তিতে ২০১টি দেশ ও অঞ্চল পর্যালোচনা করে ধর্মীয় বৈচিত্র্য সূচকটি (আরডিআই) তৈরি করা হয়েছে।
‘আরডিআই’ সূচকে ৯ দশমিক ৩ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে নগররাষ্ট্র সিঙ্গাপুর। দেশটিতে বৌদ্ধ ৩১ শতাংশ, ধর্মনিরপেক্ষ ২০ শতাংশ, খ্রিষ্টান ১৯ শতাংশ, মুসলিম ১৬ শতাংশ, হিন্দু ৫ শতাংশ এবং অন্যান্য ৯ শতাংশ।
দ্বিতীয় স্থানে রয়েছে সুরিনাম। এরপর ধারাবাহিকভাবে তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, গিনি বাসাও, টোগো এবং বেনিন প্রজাতন্ত্র শীর্ষ দশে অবস্থান করছে। ইউরোপ থেকে কেবল ফ্রান্স এই তালিকায় স্থান পেয়েছে।
আরডিআই সূচকে বাংলাদেশের অবস্থান ১৩৩তম এবং পাকিস্তান আছে ১৬৫তম স্থানে।
বিশ্বের ১০টি সর্বাধিক জনবহুল দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান ৩২তম, নাইজেরিয়া ৩৪তম, রাশিয়া ৪৭তম, ভারত ৭৮তম।
সবচেয়ে কম বৈচিত্র্যময় দেশ হিসেবে নাম উঠে এসেছে ইয়েমেন, আফগানিস্তান এবং সোমালিয়ার। কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশে ৯৯ শতাংশ মানুষ মুসলিম।
অঞ্চল হিসেবে এশিয়া-প্যাসিফিক অঞ্চল সামগ্রিকভাবে সবচেয়ে বৈচিত্র্যময় অঞ্চল হিসেবে চিহ্নিত হয়েছে, আর মধ্যপ্রাচ্য-উত্তর আফ্রিকা অঞ্চল সবচেয়ে কম বৈচিত্র্যময়।
গবেষকেরা জনসংখ্যাকে সাতটি বড় ধর্মীয় শ্রেণিতে ভাগ করেছেন। এগুলো হচ্ছে-খ্রিস্টান, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, অন্যান্য ধর্মের অনুসারী, ধর্মনিরপেক্ষ বা কোনো ধর্মীয় পরিচয় নেই।
প্রতিটি দেশকে ০ থেকে ১০-এর মধ্যে স্কোর দেওয়া হয়েছে।
সর্বোচ্চ স্কোর = বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে তুলনামূলক সমতা।
নিম্ন স্কোর = একটি ধর্মের প্রাধান্য।
সূত্র: দ্য স্টেটসম্যান
কেএম