সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১০ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ইউরোপকে ‘বিশ্বশক্তি’ হিসেবে ভূমিকা নেওয়ার আহ্বান ম্যাক্রোঁর
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইউরোপকে বিশ্ব মঞ্চে আরও দৃঢ়ভাবে আত্মপ্রকাশ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এখন সময় এসেছে ইউরোপকে একটি শক্তি হিসেবে ভূমিকা নেওয়ার।
ইরানে দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দুই হাজারের বেশি বন্দির সাজা মওকুফ বা কমানোর অনুমোদন দিয়েছেন। তবে দেশটির বিচার বিভাগ জানিয়েছে, সাম্প্রতিক বিক্ষোভের সঙ্গে জড়িত কেউ এই তালিকায় নেই।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে গভীর দুশ্চিন্তায় ভারত
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সই হওয়া বাণিজ্য চুক্তি নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে ভারতীয় টেক্সটাইল ও পোশাক রপ্তানিকারকদের মধ্যে। ভারতের অনেক রপ্তানিকারক আশা করেছিলেন, বাণিজ্য চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর ১৯ শতাংশ শুল্ক আরোপ বাংলাদেশের তুলনায় তাদের প্রতিযোগিতামূলক সুবিধা এনে দেবে। কিন্তু বাংলাদেশের সঙ্গে নতুন চুক্তি সেই পরিস্থিতিতে অনিশ্চয়তা তৈরি করেছে।
মণিপুরে নতুন করে সহিংসতা, ইন্টারনেট বন্ধ
মণিপুরের উখরুল জেলার লিতান এলাকায় নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে পাঁচ দিনের জন্য ইন্টারনেটসেবা বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার।
২০৫০ সালের মধ্যে ভারতে কয়লার চাহিদা বেড়ে দ্বিগুণ হবে
আগামী কয়েক দশকে ভারতে কয়লার ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। তবে পরবর্তীতে দেশটি ধীরে ধীরে পরিচ্ছন্ন জ্বালানির দিকে এগোলে কয়লার ব্যবহার দ্রুত কমে যাবে। ভারতের সরকারি থিঙ্কট্যাঙ্ক নীতি আয়োগের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী এমন চিত্র পাওয়া গেছে।
ইসরায়েলকে রুখতে সৌদির সঙ্গে সোমালিয়ার সামরিক চুক্তি সই
আফ্রিকার বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি দেওয়ার পর আঞ্চলিক সমর্থন জোরদারে সৌদি আরবের সঙ্গে একটি সামরিক সহযোগিতা চুক্তি সই করেছে সোমালিয়া। এই চুক্তির কয়েক সপ্তাহ আগেই কাতারের সঙ্গে একই ধরনের একটি প্রতিরক্ষা চুক্তি করেছিল সোমালিয়া।
অক্সফোর্ডে উন্মোচন হলো মালালার প্রতিকৃতি
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাইয়ের প্রতিকৃতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লেডি মার্গারেট হলে উন্মোচন করা হয়েছে। প্রতিকৃতিটি এঁকেছেন খ্যাতনামা প্রতিকৃতি শিল্পী ইসাবেলা ওয়াটলিং।
ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি পেলেন আইনজীবী
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কারাগারে দেখা করার অনুমতি পেয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার।
যুক্তরাষ্ট্র-কানাডা সংযোগ সেতু খুলতে না দেওয়ার হুমকি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে নির্মাণাধীন নতুন সেতু খুলতে না দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র এতদিন ধরে কানাডাকে যা যা দিয়েছে, তার সবকিছুর পূর্ণ ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত এই সিন্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন তিনি।
আগাম নির্বাচনে তাকাইচির জয় জাপানের রাজনীতির মোড় ঘুরাবে?
সানে তাকাইচি জাপানের রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার স্বপ্ন দেখেন। তিনি প্রধানমন্ত্রী পদে থেকে আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে এক ধরনের বাজি ধরেছিলেন এবং এতে সফলও হয়েছেন। গত ৮ ফেব্রুয়ারির এই নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) জয়লাভ করেছে। জোট শরিকের সমর্থন ছাড়াই এলডিপি সংসদের শক্তিশালী নিম্নকক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এই ফলাফল দেশজুড়ে তার প্রতি বিশাল জনসমর্থন জানান দিয়েছে যা জাপানের রাজনীতিতে এলডিপির প্রশ্নাতীত আধিপত্য ফিরে আসার ইঙ্গিত বলা যায়।
নিউইয়র্কে প্রচণ্ড শীতে ১৮ জনের মৃত্যু
নিউইয়র্ক সিটিতে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় ১৮ জনের মৃত্যু হয়েছে। শহরের মেয়র এ তথ্য নিশ্চিত করেছেন। জানুয়ারির শেষের দিক থেকেই শহরজুড়ে তীব্র শীত বিরাজ করছে। প্রায় ১৩ দিন শূন্য সেলসিয়াস (৩২ ফারেনহাইট) তাপমাত্রা রেকর্ড হয়েছে। নিউইয়র্কে গত ছয় দশকের মধ্যে এমন পরিস্থিতি দেখা যায়নি। খবর বিবিসির।
এমএসএম/জেআইএম