বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় দুই ধাপ এগোলো বাংলাদেশ
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের নতুন সূচক প্রকাশ করেছে লন্ডনভিত্তিক বৈশ্বিক নাগরিকত্ব ও অভিবাসনবিষয়ক পরামর্শক হেনলি অ্যান্ড পার্টনার্স। এবার এই তালিকায় বাংলাদেশ ৯৩তম অবস্থানে উঠে এসেছে। আগে এই অবস্থান ছিল ৯৫তম।
একটি দেশের নাগরিকরা তাদের পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের কতগুলো দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় যাতায়াত করতে পারেন, তার ওপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করা হয়। সর্বশেষ হিসাব অনুযায়ী, বাংলাদেশের নাগরিকরা বিশ্বের মাত্র ৩৭টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন।
এর আগে চলতি বছরের ১৩ জানুয়ারি হেনলি অ্যান্ড পার্টনারস তাদের পাসপোর্ট ইনডেক্স প্রকাশ করে। সেই তালিকার মোট ১০১টি দেশের মধ্যে বাংলাদেশি পাসপোর্টের অবস্থান ছিল ৯৫তম।
এর আগে, ২০২৫ সালের জানুয়ারি সংস্করণে ১০৬টি অবস্থানের মধ্যে বাংলাদেশ ছিল ১০০তম স্থানে। অর্থাৎ তখনো এটি অন্যতম দুর্বল পাসপোর্ট হিসেবে বিবেচিত হতো। এবার অবস্থানের কিছুটা উন্নতি হলেও অন্যদের তুলনায় দুর্বলই রয়েছে। এমনকি যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ও দুনিয়া থেকে একপ্রকার ‘বিচ্ছিন্ন’ দেশ উত্তর কোরিয়ার পাসপোর্টের চেয়েও নিচে অবস্থান করছে বাংলাদেশ।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট
হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী , বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের কর্তৃত্ব ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ভিসা ছাড়াই ১৯২টি গন্তব্যে যেতে পারেন।
এরপর জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকরা ১৮৭টি গন্তব্যে ভিসা ছাড়াই যাত্রা করতে পারেন। তৃতীয় অবস্থানে রয়েছে সুইডেন ও সংযুক্ত আরব আমিরাত। এ দুটি দেশের নাগরিকরা ১৮৬টি গন্তব্যে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।
চতুর্থ অবস্থানে রয়েছে- বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইজারল্যান্ড। এসব দেশের নাগরিকরা ভিসা ছাড়াই ১৮৫ দেশে যেতে পারেন।
পঞ্চম অবস্থানে রয়েছে- অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল। এই দেশগুলোর নাগরিকরা ১৮৪টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন।
সবচেয়ে দুর্বল পাসপোর্ট
পাসপোর্ট ইনডেক্সের একেবারে তলানিতে রয়েছে আফগানিস্তান (১০১তম), সিরিয়া (১০০তম), ইরাক (৯৯তম), ইয়েমেন (৯৮তম), পাকিস্তান (৯৭তম)। এসব দেশের নাগরিকরা যথাক্রমে ২৪, ২৬, ২৯, ৩১ ও ৩২টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।
দক্ষিণ এশিয়ার অবস্থান
দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে মালদ্বীপের পাসপোর্ট। দেশটি রয়েছে ৪৯তম স্থানে। দেশটির নাগরিকরা ভিসা ছাড়াই ৯৩টি দেশে ভ্রমণ করতে পারেন।
দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর অবস্থান হলো-
ভারত: ৭৫তম (৫৬টি গন্তব্যে ভিসা ছাড়া)
ভুটান: ৮৩তম (৪৮টি গন্তব্যে)
শ্রীলঙ্কা: ৯১তম (৩৯টি গন্তব্যে)
বাংলাদেশ: ৯৩তম (৩৭টি গন্তব্যে)
নেপাল: ৯৫তম (৩৫টি গন্তব্যে)
পাকিস্তান: ৯৭তম (৩২টি গন্তব্যে)
আফগানিস্তান: ১০১তম (২৪টি গন্তব্যে)
সূত্র: হেনলি পাসপোর্ট ইনডেক্স
এসএএইচ