মার্কিন হামলার আশঙ্কা

নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ পোল্যান্ডের প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:১১ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক/ছবি: সামাজিক মাধ্যম

ইরানে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় দেশটিতে অবস্থানরত পোলিশ নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পোলিশ নাগরিকদের ইরান ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলে পরে হয়ত পোলিশ নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার সুযোগ থাকবে না।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ইরানে অবস্থানরত পোলিশ নাগরিকদের ইরান ত্যাগের আহ্বান জানিয়েছেন।

এক সংবাদ সম্মেলনে টাস্ক বলেন, ‘কোনো অবস্থাতেই এখন কারও ইরানে ভ্রমণ করা উচিত নয়। সক্রিয় সংঘাতের সম্ভাবনা খুবই, খুবই বাস্তব এবং তা কয়েক ঘণ্টা কিংবা কয়েক দিনের মধ্যে শুরু হতে পারে।’

তিনি আরও বলেন, ‘দয়া করে বিষয়টি গুরুত্বসহকারে নিন। অতীতে আমরা খারাপ অভিজ্ঞতা পেয়েছি, যখন মানুষ এসব সতর্কবার্তা উপেক্ষা করেছে। তাই আবারও বলছি-অবিলম্বে ইরান ত্যাগ করুন অথবা ভ্রমণ পরিকল্পনা বাতিল করুন। যদি সরাসরি যুদ্ধ শুরু হয়, তখন কাউকে নিরাপদে বের করে আনার নিশ্চয়তা দেওয়া সম্ভব হবে না।’

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি, সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতি এবং ইসরায়েলের সংশ্লিষ্টতার জল্পনার মধ্যে এ সতর্কবার্তা দিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রীর। কয়েকটি দেশ এরই মধ্যে তাদের নাগরিকদের সতর্ক থাকতে বা ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত সংঘাতে রূপ নিলে আকাশপথ ও সীমান্ত বন্ধ হয়ে যেতে পারে, ফলে বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়া কঠিন হয়ে পড়বে।

পোল্যান্ড সরকারের এই সতর্কবার্তা ইরান পরিস্থিতিকে কেন্দ্র করে ইউরোপীয় দেশগুলোর উদ্বেগেরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

এদিকে মার্কিন বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে, ইরানের হামলা চালাতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলেই ইরানে হামলা চালানো হবে। ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরি ও এর বহর বর্তমানে অঞ্চলে অবস্থান করছে। দ্বিতীয় বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ড মধ্যপ্রাচ্যের পথে রয়েছে; সর্বশেষ তথ্য অনুযায়ী এটি পশ্চিম আফ্রিকার উপকূলের কাছে ছিল। ডজনখানেক রিফুয়েলিং ট্যাঙ্কার এবং ৫০টির বেশি অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন রয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

কেএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।