১৩ দিন জেল খেটে এসেই মিমির বিরুদ্ধে মামলা করলেন জ্যোতিষী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:০১ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
মিমি ও জ্যোতিষী তনয় শাস্ত্রী

গ্রেফতার হয়ে ১৩ দিন জেল খাটার পর জামিনে মুক্তি পেয়েই পাল্টা আইনি পদক্ষেপ নিলেন জ্যোতিষী তনয় শাস্ত্রী। কারামুক্তির পরই অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন তিনি। ইতোমধ্যে মিমির কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে।

গত ২৫ জানুয়ারি ভারতের বনগাঁর একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে বিতর্কে জড়ান মিমি। অভিযোগ, নির্ধারিত সময়ে মঞ্চে উঠতে দেরি হওয়ায় তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। এ ঘটনায় তনয় শাস্ত্রীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলে থানায় মামলা করেন অভিনেত্রী।

মিমির অভিযোগের ভিত্তিতে ২৯ জানুয়ারি তনয়কে গ্রেফতার করে পুলিশ। ৩০ জানুয়ারি আদালতে তোলা হলে প্রথমে চার দিনের রিমান্ড মঞ্জুর হয়। পরবর্তীতে শ্লীলতাহানির অভিযোগে আরও রিমান্ড চাওয়া হলেও জামিন আবেদন খারিজ হয়। টানা ১৩ দিন কারাবাসের পর অবশেষে জামিন পান তিনি।

জামিনে মুক্তি পেয়েই তনয় শাস্ত্রী দাবি করেছেন, তাকে ‘মিথ্যা মামলায়’ ফাঁসানো হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠানের জন্য নেওয়া ২ লাখ ৬৫ হাজার টাকা অগ্রিম ফেরত চেয়েছেন তিনি। শুধু তাই নয়, মানহানির অভিযোগে মিমির কাছে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছেন বলেও জানা গেছে।

ঘটনার পর সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানিয়ে মিমি লিখেছিলেন, নারী শিল্পীদের মর্যাদা ও মঞ্চের অধিকার নিয়ে তিনি আপস করবেন না। বিষয়টি এখন সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় রয়েছে বলে মন্তব্য করেন অভিনেত্রী।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।