সম্পর্ক নিয়ে হতাশার কথা জানিয়ে ইউটিউবারের আত্মহত্যা
তেলেঙ্গানার হায়দরাবাদ শহরে ২১ বছর বয়সী এক শিক্ষার্থী ও খণ্ডকালীন ইউটিউবারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনাটি সন্দেহজনক মৃত্যু হিসেবে তদন্ত করা হচ্ছে।
নিহত তরুণীর নাম বোনু কোমালি। তিনি অন্ধ্রপ্রদেশের ভিসাখাপাতনাম জেলার বাসিন্দা ছিলেন। প্রায় ১১ মাস ধরে হায়দরাবাদে একা থেকে একটি বেসরকারি কলেজে বিএসসি পড়াশোনা করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে নিজের ডায়েরিতে তিনি তিন বছর ধরে চলা একটি সম্পর্ক নিয়ে হতাশা ও মানসিক দ্বন্দ্বের কথা লিখেছিলেন। সেখানে তিনি উল্লেখ করেন, সম্পর্ক ভেঙে গেলেও তিনি এখনো সেই মানুষটির ফিরে আসার আশায় অপেক্ষা করছেন।
তদন্তকারীরা জানান, ওই তরুণী একজন ২৭ বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও সহ-ইউটিউবারের সঙ্গে সম্পর্কে ছিলেন। পরে তাদের বিচ্ছেদ ঘটে। পুলিশ আরও জানিয়েছে, কয়েক মাস আগে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
সোমবার ভোরে তিনি কুয়েতে কর্মরত তার মা বি সত্যা বরলক্ষ্মীকে একটি বার্তা পাঠান, যেখানে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করেন এবং ছোট ভাইয়ের খেয়াল রাখতে বলেন। পরে তার সঙ্গে যোগাযোগ সম্ভব না হলে এক পরিচিতজন বাসায় গিয়ে পুলিশকে খবর দেন।
পুলিশ জানায়, দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ফোন রেকর্ড, বার্তা এবং পরিচিতজনদের জিজ্ঞাসাবাদসহ বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে লাইফস্টাইল, দৈনন্দিন ভ্লগ ও ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে ভিডিও তৈরি করে কোমালি পরিচিতি পেয়েছিলেন। সম্প্রতি তিরুমালা পদযাত্রা নিয়ে তার একটি ভিডিও ভাইরাল হয়, যা ছিল তার শেষ পোস্ট।
সূত্র: এনডিটিভি
এমএসএম