বোমা হামলায় সহযোগিতা, শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
শ্রীলঙ্কায় ২০১৯ সালের ভয়াবহ ইস্টার সানডে বোমা হামলার দৃশ্য।। ছবি: এএফপি (ফাইল)

শ্রীলঙ্কায় ২০১৯ সালের ভয়াবহ ইস্টার সানডে বোমা হামলার ঘটনায় দেশটির সাবেক গোয়েন্দা প্রধানকে গ্রেফতার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ২৭৯ জন নিহত হয়েছিলেন, যা দেশের পর্যটননির্ভর অর্থনীতিতে বড় ধাক্কা দেয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে রাজধানী সংলগ্ন একটি এলাকা থেকে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুরেশ সাল্লেকে গ্রেফতার করা হয়।

একজন তদন্ত কর্মকর্তা জানান, ইস্টার সানডে হামলায় ষড়যন্ত্র এবং সহায়তা করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

২০১৯ সালে গোতাবায়া রাজাপাকশে প্রেসিডেন্ট হওয়ার পর সুরেশ সাল্লেকে স্টেট ইন্টেলিজেন্স সার্ভিস (এসআইএস)-এর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। সমন্বিত আত্মঘাতী হামলায় জড়িত থাকার অভিযোগ তিনি বরাবরই অস্বীকার করে আসছিলেন।

২০১৯ সালের ইস্টার সানডেতে প্রায় একই সময়ে তিনটি গির্জায় প্রার্থনারত মানুষ এবং তিনটি বিলাসবহুল হোটেলে সকালের নাশতায় থাকা অতিথিদের লক্ষ্য করে ছয়টি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে ৫০০ জনের বেশি আহত হন এবং ৪৫ জন বিদেশি নাগরিকসহ মোট ২৭৯ জন নিহত হন।

হামলার পরপরই কর্মকর্তারা একটি স্থানীয় সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেন। তবে সাল্লের বিরুদ্ধেও হামলা সংগঠনের অভিযোগ ওঠে।

২০২৩ সালে ব্রিটিশ গণমাধ্যম চ্যানেল-৪ একটি প্রতিবেদনে দাবি করে, সাল্লের সঙ্গে হামলাকারীদের যোগাযোগ ছিল এবং হামলার আগে তাদের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল।

একজন তথ্যফাঁসকারী চ্যানেল ৪-কে জানান, সেই বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রাজাপাকসের পক্ষে জনমত প্রভাবিত করার উদ্দেশ্যে হামলা চলতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।

বোমা হামলার দুই দিন পরই গোতাবায়া রাজাপাকসে প্রেসিডেন্ট পদে প্রার্থিতা ঘোষণা করেন এবং সহিংসতা দমনের প্রতিশ্রুতি দিয়ে নভেম্বরে ভূমিধস জয় পান।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।