ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত স্পেনের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ১১ মার্চ ২০২৬

স্পেন সরকার ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (১১ মার্চ) দেশটির সরকারি গেজেটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ইসরায়েলে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত অ্যানা ম্যারিয়া স্যালোমোন পেরেজকে প্রত্যাহার করা হয়েছে। ফলে তেল আবিবে অবস্থিত স্পেনের দূতাবাস এখন একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স (অস্থায়ী প্রধান কূটনীতিক)-এর নেতৃত্বে পরিচালিত হবে।

স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, রাষ্ট্রদূতকে অনির্দিষ্টকালের জন্য পরামর্শের উদ্দেশ্যে দেশে ডেকে নেওয়া হয়েছে।

এই পদক্ষেপকে স্পেন ও ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা কূটনৈতিক উত্তেজনার নতুন ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে দুই দেশের সম্পর্ক ক্রমেই অবনতির দিকে যায়।

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাংকোজ ইউরোপের নেতাদের মধ্যে অন্যতম, যিনি গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন এবং একে ‘গণহত্যা’ বলে আখ্যা দিয়েছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানেরও তিনি বিরোধিতা করছেন।

২০২৫ সালে স্পেন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ইসরায়েলের জন্য অস্ত্র বহনকারী জাহাজ ও বিমানকে স্পেনের বন্দর বা আকাশসীমা ব্যবহার করতে নিষেধাজ্ঞা দেয়।

এর আগে ২০২৪ সালের মে মাসে স্পেন আনুষ্ঠানিকভাবে একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। এর জবাবে ইসরায়েল মাদ্রিদ থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয়।

পরবর্তীতে স্পেন সরকার ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞাসহ নয়টি পদক্ষেপ ঘোষণা করলে দুই দেশের সম্পর্ক আরও অবনতি ঘটে।

এদিকে চলমান যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরানের যুদ্ধ নিয়েও সম্প্রতি উত্তেজনা বেড়েছে। স্পেন সরকার এই সামরিক অভিযানকে আন্তর্জাতিক আইনের পরিপন্থি বলে সমালোচনা করেছে এবং দক্ষিণ স্পেনে যৌথভাবে পরিচালিত সামরিক ঘাঁটিগুলো ইরানে হামলার কাজে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেয়নি।

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্প স্পেনকে অমিত্রসুলভ আচরণের অভিযোগ করেন এবং দেশটির সঙ্গে বাণিজ্য সীমিত করার হুমকি দেন।

সূত্র: দ্য মিডল ইস্ট আই

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।