যুক্তরাষ্ট্র ইউরোপকে বিভক্ত করতে চাইছে: ইইউ পররাষ্ট্র প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:১৭ পিএম, ১৩ মার্চ ২০২৬
ছবি: আনাদোলু এজেন্সি

ইউরোপীয় ইউনিয়নের অধীনে থাকা সরকারগুলোকে বিভক্ত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। কারণ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়া এককভাবে দেশগুলোর সরকার কম ক্ষমতাশালী।

শুক্রবার (১৩ মার্চ) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিমালা প্রধান কাজা কাল্লাস এমন মন্তব্য করেছেন।

ফাইন্যানশিয়াল টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যালাস বলেন, আমার মনে হয় সবার জন্য বোঝা জরুরি যে, স্পষ্টভাবে ইউরোপকে বিভক্ত করতে চায় যুক্তরাষ্ট্র। তারা ইউরোপীয় ইউনিয়নকে পছন্দ করে না।

তিনি আরও বলেন, ওয়াশিংটনের এই কৌশল ইউরোপের শত্রুদের ব্যবহৃত পদ্ধতির সঙ্গে মিল রয়েছে।

তিনি স্বীকার করেন যে, ব্রাসেলস এবং ওয়াশিংটনের সম্পর্ক ‘খুব জটিল’। ইউরোপের দেশগুলো বর্তমানে যুক্তরাষ্ট্রের নীতির প্রতিক্রিয়া নিয়ে একমত নয়। ইউরোপের সব সদস্য দেশকে মিলিত হয়ে ডোনাল্ড ট্রাম্পের মোকাবিলা করতে হবে।

ক্যালাস আরও বলেন, ইইউর জন্য ‘ট্রাম্পকে মনোযোগ দেওয়ার এবং যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর’ উভয় পথই খোলা আছে।

তিনি উল্লেখ করেন, ইউরোপকে এখনও যা নিজেরা উৎপাদন করতে পারে না তা কিনতে হবে, একই সঙ্গে নিজের প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ করা উচিত। ঝুঁকি কমানোর কৌশল হিসেবে, একক কোনো উৎস বা সিদ্ধান্তের ওপর পুরোপুরি নির্ভর না করে আরও বিচিত্র উৎস খোলা রাখা উচিত।

প্রসঙ্গত, গত ৫ ডিসেম্বর প্রকাশিত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশল হালনাগাদ করা হয়। সেখানে আগামী ২০ বছরে ইউরোপ একটি রূপান্তরিত পরিস্থিতির মুখোমুখি হবে এবং সভ্যতার ধ্বংসের কিনারায় পৌঁছাতে পারে বলে সতর্ক বার্তা দেওয়া হয়েছে।

এতে ইউরোপীয় দেশগুলোর অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। এমন পরিস্থিতিতে ইউরোপীয় দেশগুলোর জন্য যুক্তরাষ্ট্রকে নির্ভরযোগ্য মিত্র হিসেবে থাকা প্রয়োজন বলে উল্ল্যেখ করা হয়েছে।

সূত্র: তাস

কেএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।