মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানের হামলার সর্বশেষ পরিস্থিতি
ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের মধ্যে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটছে। কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে এসব হামলার খবর পাওয়া গেছে। বিভিন্ন দেশের কর্মকর্তারা সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য জানিয়েছেন।
সৌদি আরব
সৌদি আরব জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শাইবাহ তেলক্ষেত্র লক্ষ্য করে ছোড়া সাতটি ড্রোন তারা ভূপাতিত করেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
এছাড়া দেশটির পূর্বাঞ্চলের আকাশে, একটি বিমানঘাঁটির কাছাকাছি এলাকাসহ কয়েকটি স্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে।
মন্ত্রণালয় বলেছে, যুদ্ধ শুরুর পর থেকে এক হাজারের বেশি হামলার জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে। তবে সাম্প্রতিক হামলায় নতুন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কাতার
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার সকালে দেশটির দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে।
কর্মকর্তারা বলেছেন, বর্তমানে তেহরানের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ নেই। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছেন, ইরানের এসব হামলা একটি “বিপজ্জনক দৃষ্টান্ত” তৈরি করছে, যা আঞ্চলিক জ্বালানি স্থাপনাগুলোর জন্যও ঝুঁকিপূর্ণ হতে পারে।
কুয়েত
কুয়েতের ন্যাশনাল গার্ড জানিয়েছে, দেশটির দিকে ছোড়া আটটি ড্রোন তারা ভূপাতিত করেছে। এর মধ্যে একটি হামলা বিমানবন্দরের জ্বালানি ট্যাংক লক্ষ্য করে করা হয়েছিল, যাতে দুইজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হন।
সাম্প্রতিক ড্রোন প্রতিহত করার ঘটনায় নতুন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আজকের শুরুতে দেশটির আকাশসীমা লঙ্ঘনের ঘটনাগুলো নিয়ে তদন্ত চলছে।
ওমান
ওমানের সরকার রাজধানী মাসকাটে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক বইমেলা স্থগিত করেছে।
গত ১২ ঘণ্টায় নতুন কোনো হামলা বা হতাহতের ঘটনা নিশ্চিত করা হয়নি।
বাহরাইন
বাহরাইনের রাজধানী মানামার কাছে সিত্রা এলাকায় ইরানের হামলায় বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। একটি ড্রোন হামলার পর মা’আমির এলাকায় একটি স্থাপনায় আগুন লেগে যায়।
এর আগে মানামায় একটি আবাসিক ভবনে ড্রোন হামলায় একজন নারী নিহত এবং আটজন আহত হন।
সূত্র: আল-জাজিরা
এসএএইচ