ইরান যুদ্ধ চূড়ান্ত ধাপে প্রবেশ করছে: ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ১৪ মার্চ ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা।/ ছবি: এএফপি

ইসরায়েল জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ এখন চূড়ান্ত ধাপে প্রবেশ করছে। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যার মধ্যে বাগদাদে মার্কিন দূতাবাস ও সংযুক্ত আরব আমিরাতের একটি জ্বালানি স্থাপনায় হামলার ঘটনা রয়েছে।

যুদ্ধের কারণে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার ধারাবাহিকতায় লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে এরই মধ্যে ১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শহর থেকেও কালো ধোঁয়া উঠতে দেখা যায়। শহরটিতে একটি বড় তেল সংরক্ষণ ও রপ্তানি টার্মিনাল রয়েছে। এর আগে ইরানের সামরিক বাহিনী আমিরাতের বন্দর এলাকা এড়িয়ে চলতে বাসিন্দাদের সতর্ক করেছিল।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুদ্ধ এখন চূড়ান্ত ধাপে প্রবেশ করছে, যদিও প্রয়োজন হলে এটি আরও দীর্ঘ সময় চলতে পারে।

অন্যদিকে শক্তিশালী মার্কিন ও ইসরায়েলি সামরিক হামলার মুখেও ইরান লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। এরই মধ্যে ইরান অন্তত ১০টি প্রতিবেশী দেশের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে এবং গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপে হামলা চালিয়ে সব সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে, যদিও তেল স্থাপনাগুলো অক্ষত রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বে প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহন হয়। সেখানে হামলার হুমকির কারণে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। ট্রাম্প জানিয়েছেন, খুব শিগগির মার্কিন নৌবাহিনী ট্যাঙ্কারগুলোকে নিরাপত্তা দিয়ে এই পথ দিয়ে চলাচল করাবে।

সূত্র: এএফপি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।