সৌদি-কাতার-তুরস্কের অনুরোধ, ঈদে আফগানিস্তানে হামলা করবে না পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৩ এএম, ১৯ মার্চ ২০২৬
আফগানিস্তানে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে হামলা/ ফাইল ছবি: এএফপি

ঈদ উপলক্ষে পাঁচদিনের জন্য আফগানিস্তানে হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। বুধবার (১৮ মার্চ) মধ্যরাত থেকে আগামী সোমবার মধ্যরাত পর্যন্ত এই বিরতি কার্যকর থাকবে বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার। তিনি বলেন, ‘ভ্রাতৃপ্রতিম ইসলামী দেশ’ সৌদি আরব, কাতার এবং তুরস্কের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে পাকিস্তান সতর্ক করে বলেছে, এই সময়ের মধ্যে যদি কোনো আন্তঃসীমান্ত হামলা, ড্রোন হামলা বা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে, তাহলে তারা আবারও পূর্ণ শক্তিতে সামরিক অভিযান শুরু করবে।

অন্যদিকে, আফগানিস্তানের তালেবান সরকারও পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। দেশটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন>>
কাবুলে হাসপাতালে হামলায় নিহত ৪০০, পাকিস্তানকে দুষছে আফগানিস্তান
কাবুলে হামলা: পাকিস্তানকে ইসরায়েলের সঙ্গে তুলনা আফগান ক্রিকেটারের
আফগানিস্তানজুড়ে ফের বিমান হামলা চালিয়েছে পকিস্তান
পাকিস্তানের গোলাবর্ষণে আফগানিস্তানে ৩ বেসামরিক নাগরিক নিহত

এর আগে, গত সোমবার কাবুলে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভয়াবহ হামলায় চার শতাধিক মানুষ নিহত এবং অন্তত ২৬৫ জন আহত হন। প্রায় দুই হাজার শয্যার ওই নিরাময় কেন্দ্রটি হামলার সময় নামাজরত মানুষের ভিড়ে পূর্ণ ছিল।

তবে এই হামলার দায় অস্বীকার করেছে পাকিস্তান। দেশটির দাবি, তারা নির্দিষ্টভাবে ‘সামরিক স্থাপনা ও সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিপরীতে কাবুল অভিযোগ করেছে, বেসামরিক ও চিকিৎসা স্থাপনাকে লক্ষ্য করেই এই হামলা হয়েছে।

হামলায় নিহতদের জন্য বুধবার কাবুলে গণজানাজা অনুষ্ঠিত হয়। অনেক পরিবার এখনো তাদের স্বজনদের খোঁজে ধ্বংসস্তূপের আশপাশে ঘুরছেন।

আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি বলেন, নিহতরা নিরীহ মানুষ এবং এই ঘটনার প্রতিশোধ নেওয়া হবে। তবে তিনি একই সঙ্গে জানান, আফগান সরকার যুদ্ধ চায় না এবং কূটনৈতিক সমাধানের চেষ্টা করছে।

জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো বেসামরিক ও চিকিৎসা স্থাপনায় হামলার নিন্দা জানিয়েছে এবং পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।