মিশরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পড়ে গেলেন ইশহাক দার
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দারকে রেড কার্পেটে বেশ বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হলো।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে আলোচনার জন্য রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তিকে অভ্যর্থনা জানানোর সময় পা পিছলে পড়ে যান তিনি। কূটনৈতিক অভ্যর্থনার সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এভাবে পড়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিও ক্লিপটিতে দেখা যায়, সফররত বিশিষ্ট অতিথিকে অভিবাদন জানাতে এগিয়ে যাওয়ার সময় দার ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। কাছাকাছি দাঁড়িয়ে থাকা নিরাপত্তাকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে সাহায্য করেন। কর্তৃপক্ষ পরে জানায়, পড়ে যাওয়ার ফলে ইশহাক দারের কাঁধে সামান্য আঘাত লেগেছে তবে তিনি নির্ধারিত সময় অনুযায়ী বৈঠক চালিয়ে যান।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনা প্রশমনের বিষয়ে আলোচনার জন্য ইসলামাবাদে পাকিস্তান, মিশর, তুরস্ক ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে অনুষ্ঠিত চতুর্পাক্ষিক বৈঠক চলাকালে এই ঘটনাটি ঘটেছে। ইশহাক দারের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। কিন্তু তার ছেলে আলী দার জানিয়েছেন যে, তিনি অস্বস্তি কমাতে ব্যথানাশক ওষুধ খেয়েছেন এবং গভীর রাতে ডাক্তারি পরীক্ষা করাতে রাজি হয়েছেন।
সামাজিক মাধ্যম এক্সে আলী দার বলেন, আজ মিশরীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় আহত হওয়া সত্ত্বেও, ইসহাক দার সাহেব ব্যথানাশক ঔষধের সাহায্যে সারাদিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ সব বৈঠক যথাসম্ভব ভালোভাবে সম্পন্ন করেছেন, আলহামদুলিল্লাহ।
نائب وزیراعظم اسحاق ڈار دفتر خارجہ میں مہمان وزرا خارجہ کا استقبال کرتے ہوئے فرش پر گر گئے۔ شکر ہے محفوظ رہے!!! pic.twitter.com/v82rMi3KOp
— Nadir Baloch (@BalochNadir5) March 29, 2026
তিনি আরও বলেন, রাত ৯টার দিকে আনুষ্ঠানিক বিবৃতি রেকর্ড করার পর পরিবারের অনুরোধে ডাক্তারি পরীক্ষা করা হয়।তিনি বলেন, আলহামদুলিল্লাহ, তার এক্স-রে রিপোর্ট সার্বিকভাবে ভালো এসেছে। কাঁধে একটি সূক্ষ্ম ফাটল তৈরি হয়েছে। আগামী কয়েকদিন ঔষধ এবং অন্যান্য সতর্কতামূলক ব্যবস্থার মাধ্যমে তার ব্যথা নিয়ন্ত্রণ করা হবে।
টিটিএন