ভেনেজুয়েলা নকশায় রাউল কাস্ত্রোকে আটক করতে পারে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ১৭ মে ২০২৬
কিউবার বিপ্লবী নেতা রাউল কাস্ত্রো/ ফাইল ছবি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো কিউবার বিপ্লবী নেতা রাউল কাস্ত্রোর ক্ষেত্রেও একই কৌশল প্রয়োগের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ৯৪ বছর বয়সি রাউল কাস্ত্রোকে আটক করার বিষয়টি বিবেচনায় রেখেছে ওয়াশিংটন।

অভিযোগের পটভূমি ও ‘ভেনেজুয়েলা সিনারিও’:

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা কিউবায় ‘ভেনেজুয়েলা সিনারিও’ বা ভেনেজুয়েলার অনুরূপ পরিস্থিতি বাস্তবায়নের কথা স্বীকার করেছেন। এর আগে গত জানুয়ারি মাসে ফেডারেল ফৌজদারি অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করে ভেনেজুয়েলায় অভিযান চালায় যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন আগ্রাসন চালিয়ে নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়।

একইভাবে, ১৯৯৬ সালে মায়ামি-ভিত্তিক অভিবাসী সংগঠন ‘ব্রাদার্স টু দ্য রেসকিউ’-এর দুটি বিমান ভূপাতিত করার ঘটনায় রাউল কাস্ত্রোর বিরুদ্ধে নতুন করে চার্জ গঠনের প্রস্তুতি নিচ্ছে মার্কিন বিচার বিভাগ।

চূড়ান্ত সিদ্ধান্ত ও ওয়াশিংটনের কৌশল:

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, কাস্ত্রোকে আটকের বিষয়ে হোয়াইট হাউজ এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। বেশ কয়েকটি সূত্রের মতে, সরাসরি সামরিক অভিযান হয়ত অনুমোদিত নাও হতে পারে। তবে, কাস্ত্রোকে আটকের এই প্রকাশ্য হুমকি দিয়ে কিউবান কর্তৃপক্ষকে ওয়াশিংটনের শর্তের সামনে নতি স্বীকারে বাধ্য করাই এর মূল লক্ষ্য হতে পারে।

সিআইএ প্রধানের কিউবা সফর ও ট্রাম্পের আলটিমেটাম :

এদিকে এই উত্তেজনার মধ্যেই গত বৃহস্পতিবার মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফ আকস্মিকভাবে কিউবা সফর করেছেন। সেখানে তিনি রাউল কাস্ত্রোর নাতি রাউল গুইলারমো রদ্রিগেজ কাস্ত্রোর সঙ্গে সাক্ষাৎ করেন। এক্সিওস পোর্টালের তথ্য অনুযায়ী, র‍্যাটক্লিফ সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিশেষ বার্তা পৌঁছে দেন।

ওই বার্তায় বলা হয়েছে, কিউবা যদি তাদের শাসনব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনে তবেই কেবল অর্থনীতি ও নিরাপত্তা ইস্যুতে ওয়াশিংটন দেশটির সাথে গুরুত্বের সাথে সহযোগিতা করতে প্রস্তুত। এর অংশ হিসেবে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থনৈতিক সহযোগিতা নবায়ন করা হয়েছে।

কেএম 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।