ইসরায়েলের ৫ ‘হারমেস’ ড্রোন ভূপাতিত, ক্ষতি ৫০০ কোটি ডলার
ইসরায়েলের পাঁচটি অত্যাধুনিক ‘হারমেস’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। এই ড্রোনগুলো্র মোট মূল্য প্রায় ৫০০ কোটি মার্কিন ডলার। রোববার (২৯ মার্চ) ইরানের আকাশ প্রতিরক্ষা ইউনিট ইসরায়েলের দক্ষিণ উপকূলীয় এলাকায় এসব ড্রোন ভূপাতিত করে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) জনসংযোগ বিভাগ জানিয়েছে, গতকাল এই ৫টি ড্রোন ধ্বংস করেছে আইআরজিসির গ্রাউন্ড ফোর্সের বাসিজ ইউনিট এবং হরমোজগান প্রদেশের স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, ‘হারমেস-৯০০’ ড্রোন তৈরি করেছে এলবিটস সিস্টেম। সাধারণত নজরদারি ও গোয়েন্দা অভিযানে এ ব্যয়বহুল ড্রোন ব্যবহার করা হয়। দীর্ঘ সময় আকাশে থাকতে সক্ষম এসব ড্রোনের প্রত্যেকটির মূল্য প্রায় ১০০ কোটি মার্কিন ডলার।
ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির তথ্যমতে, এই ৫টি ড্রোনসহ শত্রুপক্ষের প্রায় ১৪০টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এছাড়া শত্রুপক্ষের উন্নত ফাইটার জেট ধ্বংসের সংখ্যাও দুই অঙ্কে পৌঁছাতে চলছে বলে দাবি করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরানে নিহতের সংখ্যা প্রায় ১ হাজার ৫০০ জন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এছাড়া লেবাননে ইসরায়েলি হামলায় ১ হাজার ১৪০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিসের কর্মকর্তা মারিয়া মার্টিনেজ জানান, ইরানে যৌথবাহিনীর হামলায় এ পর্যন্ত অন্তত ২০ হাজার মানুষ আহত হয়েছেন।
কেএম