ইরান যুদ্ধে সেনা পাঠাবে না যুক্তরাজ্য: স্টারমার
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে সরাসরি জড়াবে না বলে স্পষ্ট জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
স্টারমার বলেন, এটি আমাদের যুদ্ধ নয় এবং আমরা এতে জড়িয়ে পড়বো না। তার এই মন্তব্যে ইরান যুদ্ধ থেকে ব্রিটেনকে দূরে রাখার নীতিই প্রতিফলিত হয়েছে।
তিনি জানান, যুক্তরাজ্য বর্তমানে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছে, যার লক্ষ্য ব্রিটিশ নাগরিক, স্বার্থ এবং আঞ্চলিক মিত্রদের সুরক্ষা নিশ্চিত করা।
তবে তিনি এটাও বলেছেন যে, যুক্তরাজ্য হরমুজ প্রণালি পুনরায় চালু করার প্রচেষ্টায় ভূমিকা রাখবে।
এদিকে, যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে, যেখান থেকে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে।
পাশাপাশি, ব্রিটেন আকাশ প্রতিরক্ষায় অংশ হিসেবে যুদ্ধবিমান মোতায়েন করেছে, যা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে ব্যবহৃত হচ্ছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাজ্য সরাসরি যুদ্ধ এড়িয়ে চললেও পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রকে সহায়তা করে যাচ্ছে, যা এই সংঘাতে পশ্চিমা জোটের কৌশলগত অবস্থান তুলে ধরে।
সূত্র: আল-জাজিরা
এমএসএম