বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম, এশিয়ায় শেয়ারবাজারে দরপতন
বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম। একই সঙ্গে এশিয়ায় শেয়ারবাজারে দরপতন হয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধের তীব্রতা বৃদ্ধির মধ্যে তেলের দাম প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়িয়েছে। খবর আল জাজিরার।
সোমবার সকালে (৩০ মার্চ) ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়িয়ে গেছে। সর্বশেষ এই মূল্যবৃদ্ধির ফলে বিশ্ববাজারে তেলের দাম গত ১৯ মার্চের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সে সময় তেলের দাম অল্প সময়ের জন্য ব্যারেলপ্রতি ১১৯ ডলার স্পর্শ করেছিল।
পাশাপাশি আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ফিউচার্স-এর দরও ৩.৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০২.৯৬ ডলারে দাঁড়িয়েছে।
এছাড়া এশিয়ায় শেয়ারবাজারে দরপতন হয়েছে। সোমবার জাপানের নিক্কেই ২২৫ সূচকের দরপতন হয়েছে ৪.৫ শতাংশ, অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কসপির দরপতন হয়েছে চার শতাংশের বেশি।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেলের দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে, যার ফলে বিশ্বজুড়ে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন দেশ জরুরি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়েছে।
বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, হরমুজ প্রণালিতে সামুদ্রিক যান চলাচল স্বাভাবিক পর্যায়ে ফিরে না এলে তেলের দাম বাড়তে থাকার সম্ভাবনা রয়েছে।
টিটিএন