সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৯ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৬ পিএম, ২৯ এপ্রিল ২০২৬
ছবি: জাগো নিউজ

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য...

‘শান্তিপূর্ণভাবেই’ শেষ হলো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা তথা শেষ পর্যায়ের ভোটগ্রহণ বুধবার (২৯ এপ্রিল) কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটলেও বড়সড় সহিংসতা বা প্রাণহানির ঘটনা ঘটেনি, যা এবারের নির্বাচনে এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত বলেই মনে করা হচ্ছে

যুদ্ধ নয়, ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি নৌ অবরোধ বজায় রাখতে চান ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সহযোগীদের ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি নৌ অবরোধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, নতুন করে বোমা হামলা চালানোর পরিবর্তে ইরানের অর্থনীতি ও তেল রপ্তানির ওপর চাপ অব্যাহত রাখতেই তিনি আগ্রহী।

ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো কংগ্রেসের প্রশ্নের মুখোমুখি হেগসেথ

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ অবশেষে স্থানীয় সময় বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় কংগ্রেসের হাউজ আর্মড সার্ভিসেস কমিটির সামনে হাজির হতে যাচ্ছেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর দুই মাসেরও বেশি সময় পর তিনি প্রথমবারের মতো আইনপ্রণেতাদের সরাসরি প্রশ্নের মুখে পড়ছেন।

দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবো: মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, চতুর্থবারের মতো ফের রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে তার দল তৃণমূল কংগ্রেস। এই নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে বলেও দাবি করেন তিনি।

যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম চার বছরে সর্বোচ্চে, গ্যালনপ্রতি ৪.১৮ ডলার

যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বুধবার (২৯ এপ্রিল) দেশটিতে প্রতি গ্যালন গ্যাসের দাম দাঁড়িয়েছে ৪.১৮ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫১৩ টাকা। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে শান্তি আলোচনা স্থবির হয়ে থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

ট্রাম্প-ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ‘চাচাতো ভাই’: ডেইলি মেইলের গবেষণা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস দূরসম্পর্কের চাচাতো ভাই। পড়তে অবাক লাগলেও ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক বিশদ গবেষণায় এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গবেষণায় উঠে এসেছে, দুজনেরই বংশসূত্র একই স্কটিশ অভিজাত পরিবারের সঙ্গে যুক্ত।

এবার জেমস বন্ড রূপে ট্রাম্প, বললেন ভদ্র সাজার দিন শেষ

পোস্টটিতে একটি ছবি শেয়ার করেছেন ট্রাম্প। সেখানে অনেকটা জেমস বন্ড রূপে দেখা যাচ্ছে তাকে, তার পেছনে ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য দেখা যাচ্ছে। ছবির ওপর বড় অক্ষরে লেখা- ‘নো মোর মি. নাইস গাই!’ (ভদ্র সাজার দিন শেষ!)।

চট্টগ্রাম সংলগ্ন ভারতীয় রাজ্যে ভারী বৃষ্টি, ৫ জেলায় স্কুল বন্ধ

বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সীমান্ত সংলগ্ন ভারতের মিজোরাম রাজ্যে টানা ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিস্থিতি বিবেচনায় রাজ্যের রাজধানী আইজলসহ পাঁচটি জেলায় বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ-ভারত সম্পর্কের উন্নতি চান না আসামের মুখ্যমন্ত্রী

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলছেন, তিনি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে ভারত আর বাংলাদেশের সম্পর্কে উন্নতি না হয়। তার কথায়, আমি তো সকালে সবসময়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যে পরিস্থিতি ইউনূসের সময়ে ছিল, সেটাই যেন থাকে, সম্পর্কের উন্নতি যেন না হয়।

আমিরাত কেন ওপেক ছাড়ল, কী প্রভাব পড়বে?

দীর্ঘ ৫৯ বছরের সম্পর্কের ইতি টেনে তেল রপ্তানিকারক দেশগুলোর শক্তিশালী জোট ওপেক এবং ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইরান যুদ্ধ ও জেদ্দায় উপসাগরীয় দেশগুলোর (জিসিসি) জরুরি বৈঠকের মধ্যেই আমিরাতের এই আকস্মিক সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং বিশ্ব তেলের বাজারে নতুন ধাক্কা হয়ে এসেছে।

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।