যুদ্ধ নয়, ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি নৌ অবরোধ বজায় রাখতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ২৯ এপ্রিল ২০২৬
প্রতীকী ছবি/ এআই দিয়ে বানানো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সহযোগীদের ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি নৌ অবরোধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, নতুন করে বোমা হামলা চালানোর পরিবর্তে ইরানের অর্থনীতি ও তেল রপ্তানির ওপর চাপ অব্যাহত রাখতেই তিনি আগ্রহী।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প মনে করেন পুনরায় যুদ্ধ শুরু করা বা অঞ্চল থেকে সরে আসার চেয়ে ইসলামিক রিপাবলিক ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ বজায় রাখাই কম ঝুঁকিপূর্ণ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় হোয়াইট হাউসে এক রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজনের সময় ট্রাম্প দাবি করেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার তার মিশনে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস তার সঙ্গে একমত। ট্রাম্প বলেন, আমরা সামরিকভাবে ওই প্রতিপক্ষকে পরাজিত করেছি। চার্লস আমার চেয়েও বেশি একমত, আমরা কখনোই ওই প্রতিপক্ষকে পারমাণবিক অস্ত্র পেতে দেবো না।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের জানিয়েছিলেন, যুদ্ধ শেষ করার বিষয়ে ইরানের সর্বশেষ প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করতে পারেন। প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে, তবে তেহরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে আলোচনা পরে করা হবে, যা আলোচনায় একটি বড় অচলাবস্থার কারণ হয়ে আছে।

এই চুক্তি কার্যকর হলে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে ইরানকে তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ত্যাগ করতে হবে- এমন মার্কিন দাবিকে পাশ কাটানো হতো।

মঙ্গলবার ট্রাম্প আরও দাবি করেন, এই নৌ অভিযানের কারণে ইরান এখন ধসের অবস্থায় রয়েছে। তিনি বলেন, তেহরান তাকে জানিয়েছে যে তারা যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালি খুলতে চায়।

সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।