যুদ্ধের সময় আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছিল ইসরায়েল
ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে গোপনে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং কয়েক ডজন সৈন্য মোতায়েন করেছিল ইসরায়েল। এ বিষয়ে অবগত এক ইসরায়েলি সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন চাঞ্চল্যকর এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে ফোনালাপের পর ইসরায়েলি সেনাবাহিনীকে একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি এবং প্রতিরক্ষা দল পাঠানোর নির্দেশ দেন।
এই পদক্ষেপ দুই দেশের মধ্যে নজিরবিহীন সামরিক সহযোগিতার নতুন দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। ২০২০ সালে আব্রাহাম অ্যাকর্ডস স্বাক্ষরের পর থেকেই ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হয়েছে।
আরও পড়ুন>>
ইসরায়েল নয়, ইরানই ‘প্রধান শত্রু’: আমিরাত প্রেসিডেন্টের উপদেষ্টা
ইরান যুদ্ধে আমিরাতের শেয়ারবাজারে ধস, উধাও ১২ হাজার কোটি ডলার
আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরান এই যুদ্ধে অঞ্চলটির অন্য যে কোনো দেশের তুলনায় আমিরাতকেই বেশি লক্ষ্যবস্তুতে পরিণত করে। দেশটির ওপর ৫৫০টির বেশি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং প্রায় ২ হাজার ২০০ ড্রোন হামলা চালানো হয়। এর মধ্যে ৯০ শতাংশের বেশি প্রতিহত করা সম্ভব হয়েছে বলে দাবি করেছে আমিরাত।
‘আয়রন ডোম’ হলো ইসরায়েলের তৈরি একটি মোবাইল, স্বল্প-পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি রকেট, মর্টার, আর্টিলারি শেল ও ড্রোন ভূপাতিত করতে সক্ষম।
ইসরায়েল এর আগে বিভিন্ন দেশে এই প্রযুক্তি বিক্রি করলেও সরাসরি অন্য দেশে মোতায়েন করে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের ঘটনা এটিই প্রথম বলে মনে করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, এই ব্যবস্থার মাধ্যমে ইরানের ছোড়া বহু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
সূত্র: সিএনএন
কেএএ/