জার্মানি থেকে মার্কিন সেনা কমানোর হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৪০ পিএম, ৩০ এপ্রিল ২০২৬
ডোনাল্ড ট্রাম্প/ফাইল ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জের সঙ্গে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে তার প্রশাসন ‌‘জার্মানিতে সম্ভাব্য সেনা সংখ্যা কমানোর বিষয়টি খতিয়ে দেখছে এবং পর্যালোচনা করছে’। খবর আল জাজিরার।

ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে এক পোস্টে বলেন, আগামী অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হবে।এর আগে জার্মান নেতা মের্জ বলেছিলেন যে যুক্তরাষ্ট্র ‘ইরানি নেতৃত্বের কাছে অপমানিত হচ্ছে। তার এমন মন্তব্যের পরেই ট্রাম্প মের্জের তীব্র সমালোচনা করেন।

মের্জ সতর্ক করে বলেন, এই সংঘাত থেকে বের হওয়ার কোনো স্পষ্ট পথ ওয়াশিংটনের সামনে নেই, বরং পরিস্থিতিতে তেহরানই ক্রমশ প্রাধান্য পাচ্ছে।

তিনি অতীতের সামরিক ব্যর্থতার উদাহরণ টেনে বলেন, এ ধরনের সংঘাতে সমস্যাটা হলো- শুধু ঢোকা নয়, বের হওয়ার পথও থাকতে হয়। আমরা আফগানিস্তানে ২০ বছর ধরে সেটা খুব কষ্টের সঙ্গে দেখেছি। ইরাকেও দেখেছি।

তিনি বলেন, ইরানের কর্মকর্তারা খুব দক্ষতার সঙ্গে আলোচনা করছেন এবং তারা অনেক বেশি শক্তিশালী বলে প্রতীয়মান হচ্ছে, যতটা আগে মনে করা হয়েছিল। তার মতে, পুরো একটি জাতি ইরানের নেতৃত্বের হাতে অপমানিত হচ্ছে, বিশেষ করে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর ভূমিকার কারণে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে আরও বেশি সমর্থন না দেওয়ার জন্য, এমনকি হরমুজ প্রণালি পুনরায় চালু করতে নৌবাহিনী মোতায়েন করতে ব্যর্থ হওয়ার জন্যও ট্রাম্প জার্মানি এবং অন্যান্য ন্যাটো মিত্রদের বারবার সমালোচনা করেছেন।

বর্তমানে বিদেশে অবস্থান করা মার্কিন সেনাদের জন্য অন্যতম বৃহত্তম বৈদেশিক ঘাঁটি জার্মানি। সেখানে প্রায় ৩৩ হাজার ৯০০ সৈন্য মোতায়েন রয়েছে।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।