এ জয় সোনার বাংলার স্বপ্ন দেখা প্রত্যেক হিন্দুর জয়: শুভেন্দু
পশ্চিমবঙ্গের নির্বাচনে সবচেয়ে আলোচিত দুটি আসন ভবানীপুর ও নন্দীগ্রামে বিশাল জয় পেয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী শুভেন্দু অধিকারী। জয়ের পর সমর্থকদের উদ্দেশে তিনি বলেছেন, এ জয় সোনার বাংলার স্বপ্ন দেখা প্রত্যেক নাগরিকের জয়, প্রত্যেক হিন্দুর জয়।
সোমবার (৪ মে) ভোট গণনা শেষে দেখা যায়, ভবানীপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জীকে তিনি হারিয়েছেন ১৫১০৫ ভোটের বিশাল ব্যবধানে। ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা যায়, নন্দীগ্রামে তিনি কাছাকাছি অবস্থানে থাকা প্রার্থীর চেয়ে ১০ হাজারের কিছুটা কম ভোটে এগিয়ে থেকে জয়লাভ করেছেন।
আরও পড়ুন
শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা
পশ্চিমবঙ্গে গেরুয়া উত্থান: বাংলাদেশের জন্য সুযোগ, না নতুন চাপ?
সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের বাইরে সমর্থকদের উদ্দেশে শুভেন্দু বলেন, কৃতজ্ঞচিত্তে আমি পশ্চিমবঙ্গের জনতার সামনে মাথানত করছি। আজকের এ ম্যান্ডেট কেবল ভারতীয় জনতা পার্টির জয় নয়, এটি প্রত্যেক নাগরিকের জন্য একটি বিরাট জয়, এটি সোনার বাংলার স্বপ্ন দেখা প্রত্যেক হিন্দুর জয়। যে সোনার বাংলায় পরম শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখার্জীর গড়া হিন্দু মাতৃভূমিতে পদ্ম ফুটেছে। পশ্চিমবঙ্গের মানুষ তাদের রায় দিয়েছে। তাদের প্রত্যেকের কণ্ঠস্বর এক নতুন ভোরের বার্তা দিচ্ছে।
তিনি আরও বলেন, আমি নন্দীগ্রাম ও ভবানীপুরের সাহসী মানুষদের প্রতি কৃতজ্ঞ। এই দুই আসনের ভাইবোনদের বলতে চাই, আমার ওপর ভরসা করার জন্য এবং আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করার জন্য ধন্যবাদ। আপনাদের আশীর্বাদই আমার শক্তি। আমি শেষ নিশ্বাস পর্যন্ত আপনাদের সেবা করার এবং আপনাদের প্রতিটি আকাঙ্ক্ষা পূরণের প্রতিশ্রুতি দিচ্ছি।
সূত্র: আন্দবাজার পত্রিকা, টাইমস অব ইন্ডিয়া
এএমএ/কেএসআর